| কবিতা | কোন এক নির্জন দ্বীপের গল্প |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | দেশপ্রেমিকদের |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বিরহ |
**কোন এক নির্জন দ্বীপের গল্প***
©আজিজুল হক
মনের মধ্যে তীব্র ক্ষোভ আর হতাশা জমে আছে
প্রকাশ করার কোনো অবকাশ নেই
প্রতিদিন মানুষ হওয়ার চেষ্টা করতে করতে
নিজের শরীরের দিকে তাকিয়ে দেখছি অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক আছে কিনা!
মনের খবর কে রাখে আর আজকাল !
স্বার্থের কাছে প্রেমের আত্ম সমর্পণ করার লাইসেন্স
প্রতিদিন নবিকরণ হচ্ছে!
চার দেয়ালের অন্ধকারে লেনদেন হয় শরীর দেয়া নেয়ার,
মন বিক্রি হয় নিষিদ্ধ প্রেমে।
স্বার্থান্বেস্বীরা প্রতি মুহূর্তেই জন্ম দিচ্ছে
কাগজে পোড়া একেকটি বিচ্ছিন্ন গল্প;
মানুষ হতে হতে অমানুষের গল্প শুনতে থাকি অনবরত!
তীব্র তাপে আমার গল্প গুলো পুড়ছে আজ।
মানুষের গল্প বলা হয়ে উঠে না আজ আর,
যে বিশুদ্ধ ভালোবাসার সন্ধান করতে গিয়ে অহল্যা পাথর হয়ে গেছিলেন !
বহুকালব্যাপী পরকীয়ায় জমে থাকা সোমরস কৃষ্ণকীর্তন কাব্যে মানুষের গল্পের মতো মৃত্যুহীন জীবনের খোঁজে সূর্যস্নাত সকালের জন্ম দেয়।
প্রেমিকার মনে অন্যের আঁকানো উল্কি শোভা পায়,
যেন মনের দুয়ার খুলে কোনো এক অজানা পথিক ধাক্কা দিচ্ছে আজকাল প্রতিক্ষণ !
অপেক্ষায় মরে অনন্ত প্রহর!
মায়া জড়ানো মেকি সোহাগ,
দিশাহীন নাবিকের দাড়ভাঙ্গা পালে ততক্ষণে ঠাঁই নিয়েছে ভিনদেশী মাঝি ।
মানুষ হওয়া হয়ে উঠে না আর,
মানুষের গল্প গুলো বিক্রি হয় অনবরত ,
যেমন করে বৃদ্ধাশ্রমের গল্প গুলো বদলে যেতে যেতে একদিন নিজেই নিজের গল্পের শেষ অংকে
আর এক বিগত অমানুষের প্রতিবিম্ব খুঁজতে হয়!
জানালার ধারে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকা কোন এক প্রেমিকার চোখে ভেসে ওঠে
আর এক নায়ের মাঝির কাছে হারিয়ে যাওয়ার নির্লজ্জতার গল্প !
আর একবার মৃত্যুর মুখোমুখি দাড় করিয়ে দেয় মানুষ হয়ে উঠার ক্রমাগত প্রয়াস কে!
মানুষ হয়ে উঠার গল্প টা ক্রমাগত ফ্যাকাসে হয়ে উঠে প্রতিনিয়ত !
অপেক্ষারত ভালোবাসা গুলো তবুও মানুষই খুঁজে ফেরে আরবার ,
মনমাঝির নৌকা তখনও ঘাটে বাঁধা পড়ে আছে,
প্রেম হারিয়ে যায় উপকূলবর্তী কোনো লোকালয়ে;
তীব্র ক্ষোভ আর লজ্জায় ,
গল্প গুলোর মানুষ হয়ে উঠা হয় না আর….
মৃত্যুর কীটপতঙ্গ গুলো কিলবিল করতে থাকে মস্তিষ্কের ভেতর…
ততক্ষণে ভালোবাসা গুলো পালিয়ে বেড়াচ্ছে কোন এক নির্জন দ্বীপে!
©আজিজুল হক
২৭/৯/২৩