কবিতা কয়েকটি ঘুণ পোকার গল্প
কবি আজিজুল হক
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, সমসাময়িক

কয়েকটি ঘুণ পোকার গল্প
©আজিজুল হক

রক্তের দাগ লেগে যাওয়া বিছানা আর পাখির কলরবে যে সুমিষ্ট সুর ,
চৌহদ্দি তে ঘুরে বেড়ানো দুঃখ গুলো,
তার নাম ভালবাসা!
চন্দ্র অভিযানের ভোর বেলায় জীবনের আব্রু বেআব্রু করে রাস্তায় অনন্ত কাল ধরে বসে থাকার নাম হাই কোর্ট বা সুপ্রিম কোর্টের এজলাস!
বয়স বাড়ে শুধু অনন্ত কাল।
দুচোখের কোণে কালি জমে ,
বলি রেখা ভীড় করে ক্রমশ !ভালোবাসা গুলো ক্লান্ত হয়ে পরে বুদ্ধিজীবীদের ভাগবাটোয়ারায়!
বড় হতে থাকে মিছিল ,
কবি সাহিত্যিকরা ভাষণ দেন,
সকাল - সন্ধা চুন কালি মেখে বাতেলা ঝাড়েন সোশ্যাল মিডিয়ায় কিংবা টিভি মিডিয়ায়!
রাস্তা পার করে ঘরে ফিরে কিংবা হোটেল ,পানশালায় দু টাকার সুন্দরী কিংবা নুতন কবিতার কোন এক
প্রেমিকার বুকে মাথা রেখে গন্ধ শুকেন রক্ত ভেজা বিছানার!
সাহিত্য একাডেমীটা পাকা হয়ে থাকে!
জলকেলি করতে করতে হাতেগোনা
কিছু মানুষের জীবনের রঙ বদলায় ,
পুজো সংখ্যায় লেখা ছাপা হয় টাকায়
কিংবা তেল মারায়,
নিদেন পক্ষে সৌজন্য সংখ্যার নগদ বিনিময়ে!
সুপ্রিম কোর্টে বসে থাকা মানুষ গুলিও ঘর সংসার করে!
বুকে ঠেকানো অস্ত্র টাতে বদলায় রায় প্রতিনিয়ত।
রায় হয় বিশ্বাসে,প্রমাণে নয়!!
আমি ক্ষুদিরাম কে দেখেছি,
তাঁর রক্তে কোন খাদ ছিল না,
অন্তত ভন্ড মিডিয়ার দৌলতে দেশটাকে বিক্রি করে দেবার রাস্তায় হাঁটেন নি তিনি!
ক্ষ্ধার সূচক তাঁর জানা ছিল না হয়তো!
কিন্তু বাতেলা মেরে তিনি মানুষ মারেন নি।
ভালবাসায় অকৃত্রিম স্লোগানে তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন।
রোজকার প্রতিদিন যখন তার মুখটা আমরা দেখি টিভির পর্দায় ,
ইসরায়েলের বা পায়ে জুতো পড়াতে,
তখন মনে হয় সব চেয়ে বড় সন্ত্রাসবাদের দালাল হয়ে বেঁচে দিচ্ছি আমাদের স্বাভিমান!
ছেলেগুলো কখনও ধর্মতলা কখনোও বা জন্তর মন্তরে ,
নিজেদের রক্তগুলো যখন অধিকারের কথা বলে,
নির্লজ্জ কোর্ট তখন বিছানায় ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে নেয়!
আমাদের বুদ্ধিজীবীরা মোম বাতি হাতে ধর্ষনের বিরুদ্ধে পা বাড়ায় কখনও শাসকের ছাপোষা চাপরাশি সেজে।
কয়েক দিন জেল, তারপর বেল!
এদেশে মানুষ পরে থাকে রাস্তায় !
আজও অমলিন সেই পথের ধূলা,শুধু তার শূন্যতায়!
রক্তে ভেজা বিছানাতে ভালোবাসার গন্ধ খুঁজি আমরা,
কয়েকবার সে গন্ধের সঙ্গে
ফোনালাপ হয়েছে আমাদের, দেখা হয়নি । দেখা হলে হয়তো
আরও মানুষের গল্প শুনতাম !
হয়তো সে গল্পে তিনি বলে উঠতেন,
জীবন তো একটাই, তাকে জীবনের কাছাকাছি রেখে যাও!
এভাবেই জীবন কোনো এক দিন থেমে যায়,
আমাদের চলে যেতে হয় সব ছেড়ে,
রাজা আসে,রাজা যায়,
মানুষ মিছিলে হাটে ক্রমশ,
মানুষ থাকে,হয়তো গাঙচিলের বাতাসে
সুবাস ছড়ায় ,
আর ইতিহাস জুড়ে লেখা হয় যত মিথ্যে গল্প ,
রাজার,শাসকের ,
মানুষের নয়।
কেন না ,অনন্ত প্রহরী মানুষই একদিন রাজার কাপড় খুলে নেয়!
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments