কবিতা আমি কবিতার কথা বলছি
কবি আজিজুল হক
উৎসর্গ দেশপ্রেমিকদের
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, রাজনৈতিক, স্বাধীনতা

**আমি কবিতার কথা বলছি**
আজিজুল হক

আমি আমাদের জীবনের কথা বলছি।
আমাদের জীবনে সুখ দুঃখের গল্প গুলো বলছি,
আমি অন্তর্নিহিত প্রেমের স্নিগ্ধ শ্যামল সবুজ অমলিন নির্ভেজাল আনন্দের কথা বলছি।
আমি আমার ঠাকুরদা ,ঠাকুরমার
শিরদাঁড়া উন্নত করে নুতন সৃষ্টির কথা বলছি,
পাহাড় জঙ্গল ভেদ তাঁদের
ভূমি কর্ষণের কথা বলছি,
আমি নবান্নের গল্প বলছি।
নগেন কাকার সঙ্গে হামিদ চাচার সেই দোস্তির কত গল্প তাঁদের মুখে কতবার শোনা ,কত ঢং আর রঙে ,
আমি হারিয়ে যাওয়া সেই প্রেমের কথা বলছি।
হারিয়ে যাওয়া সেই গল্প গুলো জীবনের কবিতার আতুর ঘর হয়ে উঠতো,
কখনও কখনও কত গল্প - শ্লোকের মত তাঁরা কবিতার কথা বলতেন..
আসলে তাঁরা কবিতা আর মানুষের কথা বলতেন।
আসলে মানুষের উচ্চারিত সমস্ত শব্দ গুলোই কবিতা,
নবান্নের নুতন ধানের উৎসবের প্রতিটি শস্য দানা কবিতার এক একটি পংক্তি বটে।
আমি কবিতার কথা বলছি,
প্রেমের কথা বলছি,
যার হৃদয় কবিতার কথা শোনে না,
সে মৃত্যুর প্রমাদ গুনবে,
ভয়ঙ্কর হয়ে উঠবে তার প্রজন্ম থেকে প্রজন্ম।
যে কবিতা ভালোবাসে না,
সে আসলে কালা পাহাড়ের চেয়েও নৃশংস ,
মানুষের মৃত্যু তার কাছে ভয়ঙ্কর সুন্দরের উল্লাস!
যে কবিতা শুনতে জানে না,
মাতৃগর্ভকেই সে কলঙ্কৃত করে তোলে আজন্ম ব্যাপী।
আমি আমাদের জীবনের চরম উদাসীন শূন্যতার কথা বলছি,
মায়ের মুখের সেই স্মিত হাসির কথা বলছি,
আমি আমার গর্ভধারিণীর কথা বলছি,
আমি তার কথা বলছি
যে আমার মাঝে পৃথিবীকে দেখতেন,
আমার একটু কষ্টে নিজের সমস্ত সুখ উজাড় করে দিয়ে আমাকে আগলে রাখতেন,
আমি সেই মায়ের কথা বলছি,
আমি সেই কবিতার কথা বলছি।
সে জন্য
যে কবিতা শুনতে ভালোবাসে না,
সে সীমারের থেকেও অধিক নিষ্ঠুর হয়েও হাজার প্রতিরোধহীন হোসেনের মস্তক দেহ থেকে বিছিন্ন করতে পারে অনায়াসে,
যে কবিতা শুনতে ভালোবাসে না,
সে নির্বাচনী ইশতেহার গুলোতে মিথ্যে কলমে প্রতিশ্রুতি আওড়ায়,
সে মানুষের জীবনের সঙ্গে কানামাছি ভোঁ ভোঁ খেলতে পারে অনর্গল নির্লজ্জতার সাথে,
সে রাজনীতির নিষ্ঠুর খেলায় মেতে ওঠে।
যে কবিতা শুনতে ভালোবাসে না ,
সে মায়ের শূন্যতা বুঝতে পারে না,
ব্যাঙ্গমা ব্যাঙ্গমির গল্প সে কোনো দিন দাদু - দিদিমার কোল স্পর্শ করে কোন দিন শুনতে পারেনি।
আমি আমাদের জীবনের কথা বলছি
আমি আমার রবীন্দ্র - নজরুলের কথা বলছি,
আমি সুভাষের দেশ-মায়ের প্রতি অন্তহীন ভালোবাসার কথা বলছি,
আমি ফাঁসি কাঠে প্রাণ দেয়া অজস্র ক্ষুদিরাম ,আশফাক উল্লাহের কথা বলছি,
আমি '৫৭ আর '৫৭-র কান্না শুনেছি,
আমি '৪৭ এ মায়ের দ্বিখণ্ডিত দেহের মৃত্যু যন্ত্রনায় কবিতাকে কাঁদতে দেখেছি,
আমি আমার মায়ের আজন্ম প্রেমিকের কথা বলছি,
আমি কবিতার কথা বলছি।
আমি আমার ধর্ষিতা বোনের কথা বলছি,
কি বীভৎস আর্তনাতে সেদিন কম্পিত হয়েছিল আমার মাতৃজঠর,
আমি সেদিনের কথা বলছি,
কবিতাকে যারা ভালোবাসেনি,
তারাই ধর্ষণ কে আঁকড়ে ধরে ভীতি ছড়ায় কবিতার পংক্তি গুলো কে,
ওরা আসলে জীবনের কথা কখনও বলেনি,
আমি জীবনের কথা বলছি,
আমি ভালোবাসার কথা বলছি,
আমি কবিতার কথা বলছি।
আমি শহীদের কথা বলছি,
যারা প্রাণ দিল স্বাধীনতার লড়াইয়ে,
যারা বিশ্বের প্রতিটি প্রান্তে নিজেদের দেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব রক্ষায় বিসর্জন দেয় নিজেদের সকল চাওয়া পাওয়া,
আমি সেই কবিতার কথা বলছি,
আমি ভালোবাসার কথা বলছি,
আমি আমার হারিয়ে যাওয়া ভাই, পূর্ব - পুরুষের কথা বলছি।
আমি কবিতার কথা বলছি।
যে কবিতা শুনতে ভালোবাসে না,
তার চেয়ে ভয়ঙ্কর শত্রু কেউ হতে পারে না,
সে ভালোবাসার অভিনয় করে মুহূর্ত মেরে ফেলতে পারে কয়েক সহস্র নিযুত কোটি বছর।
আমি তাঁদের কথা বলছি,
যারা আমার সুখ - স্বপনে নিজেদের বিসর্জন দিয়েছে নিঃসংকোচে,
যারা আমাদের কবিতাকে বাঁচাতে প্রশ্নহীন চিত্তে দিয়েছে আত্মবলিদান,
আমি সেই কবিতার কথা বলছি,
আমি ভালোবাসার কথা বলছি,
আমি আমার মায়ের আঁচল জুড়ে ভালোবাসার কথা বলছি।
যে কর্ষণ করে,ফসল ফলায় ঘাম ঝরানো কর্দমাক্ত দেহে
আমি ওদের কথা বলছি,
যারা কাজ করে,কাজের আনন্দে সভ্যতা গড়ে ,
মায়ের আশির্বাদ বুকে নিয়ে যে প্রিয়তমার মুখে হাসি ফোটাতে
মহাকাশ জুড়ে আমাদের গৌরবের ভূমিকে কর্ষিত করে,
আগামীর লক্ষ্যে,
আমি তাদের কথা বলছি,
আমি কবিতার কথা বলছি,
আমি আমার ভালোবাসার কথা বলছি।
আমি বিনে চিকিৎসায় মারা যাওয়া আমার ভাইয়ের কথা বলছি,
সমস্ত স্নেহ পরশ কে উন্নাসিকের মত অবহেলে যে মৃত্যুর কোলে শুয়ে পড়েছিল,
আমি তাঁর কথা বলছি,
আমি কবিতার কথা বলছি ,
আমি আমার ভালোবাসার কথা বলছি।
আমি তোমার কথা বলছি,
তোমার বুকে মুখ গুঁজে পাওয়া সহসা জীবনের কথা বলছি,
আমি আমার ভালোবাসার কথা বলছি,
আমি কবিতার কথা বলছি।
আমি মিছিলে মিছিলে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে
হেঁটে চলা মানুষের কন্ঠে
প্রতিরোধের শাণিত উচ্চারণ শুনেছি,
আমি শাসকের রোষানল ভেদ করে উচ্চারিত হতে দেখেছি আগামীর কন্ঠ,
আমি সেই জীবনের কথা বলছি,
আমি কবিতার কথা বলছি ।
আমি ভালোবাসার কথা বলছি।
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments