কবিতা আমাকে ভালবাসতে হবে না
কবি আজিজুল হক
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
কবিতার বিষয় প্রেম, বিরহ, রাজনৈতিক
Review This Poem

**আমাকে ভালবাসতে হবে না**
©আজিজুল হক

আমার শুধু তোমাকেই চাই
আমাকে ছুঁয়ে দিয়ে
ভালবাসার নিবিড় বন্ধনে
কাছে টেনে তোমার বুকে মাথা রেখে সোহাগে জড়িয়ে রাখার
জন্য নয়।
আমার হৃদয় উৎসারিত প্রতিদিনের কবিতা গুলো ,যা জীবনের রংতুলিতে ছবি এঁকে আমি রোজ লিখি,
ভালবাসার আলতো ছোঁয়ায়
তা তোমার হৃদয় জুড়ে অনুভব করে ভালোবাসায় অবগাহনের জন্য ॥
আমার শুধু তোমাকেই চাই
নিশীথ রাতে কিংবা ভর দুপুরের মধ্যি গগনের তপ্তরাশিতে তোমার আকন্ঠ আদরে নিজেকে নষ্ট করার জন্য কিংবা
আমার জানাজার আসরে
কিছু মানুষের সাথে আমার বৈসাদৃশ্যের ভয়ঙ্কর আর্তনাদে
তোমার সান্নিধ্যে
নিজেকে তোমার বোঝা তৈরির জন্য নয়।
বুকের ভেতরে যে ভয়ঙ্কর ক্ষত জমে আছে
হোঁচট খাওয়া পাঁজর জুড়ে
বাস করা রক্ত শুষে নেওয়া
মানুষ নামের অমানুষ গুলো
যখন ধংস উল্লাসে মেতে ওঠে
ঝড় বয়ে যায় যখন আমার সর্ব শরীরে ,
সেই যন্ত্রনায় তুমি সাক্ষী থেকে দেখ আমার যন্ত্রণা গুলো ভালোবাসায় চেপে ধরেছে আমায়।
আমার একটা তুমি চাই;
তার পাগলামি মন আর উপচে পরা হাসিতে লালচে
অধরের আস্বাদনে আমি নেশাতুর হয়ে ঈশ্বর কে আলিঙ্গন করব যুদ্ধ জয়ের শেষে,
ঈশ্বরের সেই দুর্দিনে তুমি কাছে এসো ,
নির্লিপ্ত ভাবে দেখ ঈশ্বরও কত অসহায়!
সেদিন আমার সমস্ত কষ্ট গুলো তোমার অবহেলা,
তাচ্ছিল্য কে বুকে জড়িয়ে
চাঁদে যাবার প্রস্তুতি নিচ্ছে,
তুমি এসো ,খুব কাছের
থেকে তা দেখার জন্য।
আমার কিন্তু তোমাকেই চাই;
তোমার মত অভিমানী,
কথায় কথায় তর্কবাজ,
যুক্তি না মানতে চাওয়া আস্ত একটা পাগলি,
যে আমাকে ভালবাসতে কত টা জানে,
সে নিজেই জানে না,
তার প্রতিনিয়ত আঘাত কেমন করে ফিরে ফিরে জন্ম নেয় সমুদ্র স্নানের স্মিত হাসির উৎফুল্ল,
তাকে পরখ করার জন্য নয়।
আমার কত জনমের মিথ্যে পরাজয়ের আর নির্লজ্জতার
ইতিহাস সমুদ্র স্রোতে ভেসে চলেছে অনন্ত কাল..
তা পরখ করার জন্য ॥
আমার একটা এমন তুই চাই;
আমাকে-
শুধুই ভালোবাসার জন্য নয়,
আমায় আস্টেপিস্টে জড়িয়ে ধরার জন্য নয়।
আমার বুকের ভেঙে যাওয়া পাঁজর গুলো যে কত টা ডুকরে ডুকরে কাঁদে
সেটা আমার বুকের মাঝে মুখ রেখে
অনুভব করার জন্য ।
আমার শুধু তোমাকেই চাই;
আমার যন্ত্রণা গুলো কে
ভাগাভাগি করে নেবার জন্য নয়।
শুধু আমার ভেতরের যন্ত্রণা গুলো কত টা বেদনাতুর
তা হৃদয় দিয়ে ছুঁয়ে দেখার জন্য।
আমার শুধু তোমাকেই চাই;
মাঝ রাতে মাতাল হয়ে ঘরে ফেরার সময় আমার বেসামাল শরীরটা কে ভরসা যুগিয়ে বিনিদ্র রজনী জাগবার জন্য নয়।
আমার শরীর টা কত টা নর্দমায় কিংবা ডাস্টবিনে পরিণত
তা দেখে উল্লাসে মেতে ওঠে তুমি নুতন সুরে কন্ঠ সাধবে ,
সেই আনন্দের পূর্বাভাস
অনুভব করার জন্য ॥
আমায় ভালোবাসতে হবে না,
ভালোবাসতে হয় না আমায়,
অন্তত তোমার অবহেলা গুলো চাক্ষুষ প্রত্যক্ষ করতে একবার এসো ,
তবে আমাকে ভালবাসার জন্য নয়।
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted