| কবিতা | অবুঝ নোলক |
| কবি | আজিজুল হক |
| সময় | ৩০/৬/২৩ |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, রাজনৈতিক, সমসাময়িক |
***অবুঝ নোলক ***
© আজিজুল হক
ওভাবে কি আকাশের রং বদলায়!
যেমন করে বদলায় শাড়ীর আঁচলে বাঁধা গোপন অভিসার গুলো!
রাজনীতির মত বড্ড অবুঝ নর - নারীর প্রেমালাপ ,
শুনশান পথে এ প্রেম মসনদ খুঁজে বেড়ায়,
রং বদলায় গোপন অলিন্দ জুড়ে।
তোমার সবুজ শাড়িতে কখনও গেরুয়াপাড়,
কখনও কপালে লাল সিঁদুর ,
ঢেউ খেলে উথাল পাথাল মস্তিষ্ক জুড়ে।
যেন তুমি বিদেশি নাগরের খোঁজে উড়ে বেড়াও দুনিয়া ব্যাপী,
রং বদলাতে হয় তাই তোমায়!
কি অদ্ভুত ভাবে কবিতা গুলো হাসে তোমার সাজানো উত্তরে।
আচমকা আদরে অপ্রস্তুত মন কেঁপে উঠে কখনও,
বিদূষী ছোঁয়া যেন সাগরের ঢেউ হয়ে ফিরে আসে বারবার।
তোমার বনভূমিতে স্নিগ্ধ ছায়ায় বাস করা হিংস্র দানব কিন্তু সতর্ক বড্ড ,
তোমার ঔরসে জন্ম তার ,
তোমাকে ভর করে বসে রাজ সিংহাসনে ,
তবুও তোমারে করে বারবার অপমান !
আমার চোখের পরশ
তোমার কাজল চোখে এক ফালি বনাঞ্চলে নীড় খোঁজে প্রতিনিয়ত।
দখিন দুয়ার এলোমেলো আজ,
ধন্যি তুমি তোমার চোখের ভাষায়..
হারতে চাওনা জেনে ঘন ঘুটঘুটে অন্ধকারেও
একমুঠো বীজ বপন করে
জ্বেলে যাই আলো চুপচাপ।
তোমার কালো ঘন চুলের
বেনীতে স্বর্গের অপ্সরা গন্ধ খুঁজে বেড়ায় ,
সাত আকাশে উদগ্রীব হয়ে বসে থাকা দেবতারা নৈবেদ্য সাজিয়ে রেখেছে,
হাপিত্যেশ করা দেহে জমেছে কাম ,
বর্ষা লালিত মিষ্টি বাতাসে সে ঘ্রাণ ছড়িয়ে পড়ে সিংহাসনের পদপ্রান্তে,
জেলখানা গুলো চুলের বেনুনী তে আটকে পরে অনাকাঙ্ক্ষিত বিছানায়!
তাতে মাখা থাকে কদম ফুলের উচ্ছাস !
তোমার ঠোঁটের বাঁকে,
নাকের নোলক, রাজার পাল্টানো পোশাক জুড়ে
ঘেঁষে আছে এক চিলতে লাল সিঁদুর !
বলে যায় রোজ রাতে তোমার চোখের জলে ভেজানো বিছানা আর
সিংহাসনের পাদানি গুলোর অসহ্য গোঙানির আওয়াজ ,
তোমার সিঁথিতে তখন এঁকে দিয়েছে রক্তে ভেজানো লেজুড়বৃত্তির জয়টিকা !
তোমার নোলক রক্তে ভিজে গেছে তখন!
আমি কিন্তু নির্ভুল ছিলাম।
©আজিজুল হক
৩০/৬/২৩