কবিতা অকাল বোধন
কবি আজিজুল হক
উৎসর্গ সমস্ত নির্যাতিত মাতৃজাতিকে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা দেবী দুর্গা কে নিয়ে রূপক
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, রাজনৈতিক, রূপক
Review This Poem

কেমন আছ মা দুর্গা আমার?
কেমনই বা আছেন আমাদের ভোলানাথ!
এখনও কি সারাদিন বনে বাঁদাড়ে ঘুরেই বেরান ?
নাকি আদরে সোহাগে তোমারই মন ভরান !
আচ্ছা ,মাগো ,বছর বছর বাপের বাড়ি এসে কর টা কি?
এত কিছু জঞ্জাল দেখছ তা কি?
ছেলেরা সব পথে দাড়িয়ে লড়ছে জীবন মরণ ,
চোখ দুটো কি অন্ধ তোমার?
নাকি অস্ত্র নিয়ে বড়াই কর অকারণ ?
মহিষাসুর বধ করে দেবতারে দিলি রাজ্য,
ছেলেরা কি পেল? ভেবেছ কি!
নাকি ওরা তোমার ত্যাজ্য ?
আসিস যখন দেখিস না মা গো,
পুজোর নামে উদ্বোধন করছে যারা ,
তারাই বা কারা!
মহিষাসুর তাও বা ভাল ,
তপস্যায় জিতে দেবতাদের হার মানিয়েছে আপন ক্ষাত্র তেজে,
এরা যারা ফিতে কাটে,দানবের মত কাড়ে মানুষের ধন,
তাদের হাতেই ভোগ নিয়ে তুই করিস কেন মানবতার অপমান?
একটু খানি বলবি আমায়,
রাস্তা জুড়ে মেয়েরা আমার
কেন বিপদ মুক্ত নয়?
তোমার আগমনে ও বিসর্জনেও বাড়ে তাদের ভয়।
গরীব মরে, ধনীরা করে সূরা পান,
তোমার অস্ত্র দিয়ে তাদের কেন করছ না খান খান!
তোমার জাত কি মাগো?
হিন্দু , মুসলিম না খিস্টান?
মায়ের যদি জাত হয় গো মাগো,
সে মায়ের আগমনে কাঁদবে যে বিশ্ব ভুবন।
তবুও কেন টানাটানি তোরই চোখের সামনে?
মাটির পুতুল না হয়ে মা দাড়াও পাশে আত্মজনে।
অসুর নিধন হয় নি কো শেষ ,
ভারত খুঁজে দেখ মা তুই অসুর রাজেই চালাচ্ছে যে দেশ।
বিষ্ণু ,ব্রম্মা ,মহেশ্বর কি অন্ধ আজই?
দেখছে না কিছুই,?
আর একবার অস্ত্র তুলে কর মা বধ সকল নরপশু।
ভয় কি মা তোর? নাই বা নিলি পুজো না হয় একবার,
যুদ্ধ সাজে সেজে মাগো কর না নিধন বিভেদ যত,কর ছারকার।
অফিস গুলো দেখ না এবার,
চোরের দলে ভর্তি,
চাকরি বাকরি নেই গো কোথাও,
শুধু নেতার পকেট ভর্তি!
এ যেন মা ইন্দ্রপুরী, ভোঁজের আয়োজন!
দুশ্চরিত্র হয় যখন মা সহস্রলোচন!
ভাঙ্না প্রাচীর অন্ধ কারার,
শোষকের ভাঙ্গ দ্বার,
সম্পদ গুলো সব লুটে নিয়ে
বিলিয়ে দে দেখি আকছার।
কোটি কোটি টাকা দিয়ে যে পুজো তুই নিস,
তার চেয়ে অনেক পাবি ভালোবাসা আর আশীষ।
স্বরসতী কে বলিস মাগো
আসার কি দরকার?
এদেশে এখন বিদ্যা ছাড়াই সাদা খাতায় চাকরি জোটে হরহামেশাই,
লক্ষ্মী টা কে আনিস মাগো,
বুঝতেই তো পারিস,
টাকার জোরে দৈব ফেরে ,
বাকি সব রংতামাশাই!
ভোলা আমার তবুও ভাল!
খেলেই না হয় একটু আধটু ছাইপাশ!
ওটাই এখন দেশের পকেট ভরায় বেশি টাক্স থেকে টেক্সাস!
জানিস মাগো, এদেশে এখনও হয় হাতরস কিংবা কালজানি!
এত পুজো হয় মা যে দেশে তোমার,
অসুর রাজে মায়েদের তবুও সেখানেই নেই নিস্তার!
কিসের দেবী মাগো তুমি?
লজ্জা নিয়ে আসবে তবুও,
সয়ে সব আত্মগ্লানি?
আসিস যদি এবার মাগো,
আয় তবে হয়ে রুদ্রনাশিনি,
অস্ত্রগুলো ঝালিয়ে নিয়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীকায় ছুটাও তোমার সিংহবাহিনী।
সব অসুর রে কর না নিধন ,
মানুষ বাঁচা,অমানুষেরে অস্ত্র হাতে কর মা রক্ত চুম্বন।
রাজপথের মিছিলে মা একবার হেঁটে আসিস,
ছেলে মেয়ে গুলো কেমন লড়ছে,
বুকে ভরে দে না এবার তাদের আশীষ ।
তবেই তো মা তোমার আসা যাওয়া হবে গো আনন্দের,
নইলে যে তা শুধুই লোক দেখানো মাগো,
দায়সারা ভাবে একটু আদর
বাকিটা বিষাদের।
©আজিজুল হক
১৭/৯/২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted