কবিতা বেদনাবলয়
কবি আজিজ বিন নুর
উৎসর্গ বৈশাখী
সম্পৃক্ততা শৈশব প্রেম
কবিতার বিষয় জীবনমুখী, প্রকৃতি, প্রতিবাদ, বিরহ, রূপক
Review This Poem

অমন গহীন বেদনাবলয় এঁকে দিয়েছো দুই চোখে
পৃথিবী- প্রবাসে আমি নোনাজল নোনামুখে
আবৃত্তি করি অমিয় মৃত্যুর সুধা
বিষাদের পিঠে চড়ে নিষেধের দ্বিধা নিয়ে
ভাসায়- ডোবায় আমায় করুণার বসুধা।

ধোঁয়াশার দিগন্তে টানিয়েছো নিষেধের নিয়ন
পথের ভীড়ে আমি হারিয়েছি পথ
সুখের ভীড়ে আমি সুখ
হারিয়েছি আমাকেই– বেদনার বাথানে
আমি এক চির হাঁড়িমুখ…

যুদ্ধের ভেতর আমায় আরেক যুদ্ধ ডাকে
বরণ করে নিতে পরাজয়–
দৈন্যতার প্রেয়শ খদ্দের আমি
ডেকে ডেকে দিয়েছে শূন্যতার প্রলয়
কষ্টের হিমালয় কাঁধে চেপে বলে
‘ নুয়ে পড়ো, হেরে যাওয়ার হয়েছে সময়’

অমন গহীন বেদনাবলয় এঁকে দিয়েছো দুই চোখে
পৃথিবী- প্রবাসে আমি নোনাজল নোনামুখে
আবৃত্তি করি অমিয় মৃত্যুর সুধা
বিষাদের পিঠে চড়ে নিষেধের দ্বিধা নিয়ে
ভাসায়- ডোবায় আমায় করুণার বসুধা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted