| কবিতা | ভশ্মিভূত |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | ২০১৭ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | প্রেম |
ঐ সমুদ্রের প্রতিটি ঢেউ গুনে গুনে
প্রেমবদ্ধ প্রতিজ্ঞা করেছিলে,
ঐ পাহাড়ের নির্জনতাকে সাক্ষী করে
বলেছিলে ভালবাসবে সারাজীবন!
পাখিরা উড়ে যেতো দূর আকাশের সীমানায়
তুমিও অনেকদিন পাখির মতো
ডানা মেলে উড়ে যেতে চেয়েছিলে…
যেখানে শুধুই প্রেম!
বলেছিলে তুমিও একদিন চাঁদ হবে,
জোৎস্না মাখা আলোয় ভরিয়ে দেবে জীবন।
কতদিন দুজনে একসাথে স্বপ্ন ছুঁয়েছি,
কবিতা প্রসব হয়েছে।
তুমি,আমি…
কবিতার জন্য-
রাঙাপ্রভাতে কুয়াশায় হেঁটেছি
কবিতার জন্য-
রিকশার হুড ফেলে ব্যস্ত শহর চষে বেড়িয়েছি
কবিতার জন্য-
ঘন বর্ষায় বৃষ্টিস্নাত হয়েছি
কবিতার জন্য-
নাটক পাড়ায়,বইমেলায়,বসন্ত উৎসবে ঘুরেছি দিবারাত্রি।
কবিতার জন্য-
চাঁদরাতে আবির মাখিয়েছি,
আবার মিছিলে হেঁটেছি!
তুমি-বলেছিলে তুমি- নীল অপরাজিতা, আমি-সূর্যরাজ,মন্ত্রপাঠে সই করেছি দুজন।
তবু কেন কথা রাখোনি,
আগুন জ্বালিয়ে দিয়েছ…
ভশ্মিভূত হচ্ছে কবিতাগুচ্ছ,প্রেম, হৃদয়!