| কবিতা | ভাষা শহীদ বলছি |
| কবি | রাসেল আবদুর রহমান |
| কাব্যগ্রন্থ | জোছনার কারাগারে |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | প্রতিবাদ |
আম তলায় তখন শুকনো আমের বোল
ঝরে পড়া গুড়িগুড়ি আম আর আমাদের মগজ উত্তাল
শিরায় শিরায় আছড়ে পড়ছে হৃদপিণ্ডের গরম রক্তের ঢেউ!
বাতাসের কানে কানে মায়ের বলা অজস্র গল্প— ভেঙে ছিলো সকল অলসতার ঘুম
বঙ্গোপসাগরের গর্জনের মতো তেঁতে উঠেছিল আমাদের বজ্রকণ্ঠ
থামাতে পারেনি হায়েনাদের বুলেট! আমরা মায়ের ভাষায় কথা বলতে
ঘুরিয়ে দিয়েছি ইতিহাস! অথচ এখন এখানে ইটের সৌধ গড়ে
সকাল-দুপুর-বিকেল-সন্ধ্যায় বাতাস কাঁপাও যতসব ভিনদেশি ভাষায়
কি যে যন্ত্রণায় জ্বলছে আত্মা আমাদের!
দোহাই মায়ের; বাংলিশ বুলেটে বিদ্ধ করো না শহীদি আত্মা!
যতসব সংগ্রাম— আমাদের বুনে যাওয়া বীজ, তোমাদের ফসল
রাখ অটুট গৌরবে-ঐশ্বর্যে বিশ্বের মাঝে।।