| কবিতা | অবয়বের পাণ্ডুলিপি |
| কবি | খন্দকার মঈন হোসেন |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রেম |
আমার ভুলে যাওয়ার অসুখ আছে,
নাম ভুলে যাই, দিনক্ষণ ভুলে যাই,
কোন ঋতুতে কার সঙ্গে প্রথম পরিচয়—
সে হিসাবও স্মৃতির খাতায় নেই।
অথচ আশ্চর্য!
যে নারীরা একদিন আমার অন্তরঙ্গ হয়েছিল,
তাদের প্রত্যেকের শরীরের সমস্ত মানচিত্র
আজও আমার স্মৃতিতে নিখুঁত আঁকা।
কার কোথায় তিল, কোথায় স্পর্শের সংকোচ,
কোন বাঁকে নিঃশ্বাসের গতি বদলে যেত,
কোন আলিঙ্গনে রাত হারিয়েছিল তার দৈর্ঘ্য—
বিস্মৃতির রোগ সেসব কিছুই মুছতে পারেনি।
অথচ সকল শরীরেই তো একই ভূগোল,
একই আদিম উষ্ণতা, আকাঙ্ক্ষার একই ব্যাকরণ।
তবে কেন এতগুলি পৃথক অধ্যায়
আমার স্মৃতিতে অমরত্ব পেয়ে গেল?
নতুন কোনো নারী দেখলে
নতুন পিপাসা জন্মানোর কথা ছিল,
অপরিচিত সৌন্দর্যে চোখের বিস্মিত হওয়ার কথা।
অথচ এখন আর কোনো মুখে মুগ্ধতা জাগে না,
কোনো সৌন্দর্যই ডাকে না নতুন আবিষ্কারে।
আমার স্মৃতি কি তবে অসুখটিকে পরাজিত করেছে,
নাকি এতগুলি সৌন্দর্যের সাক্ষী হতে হতে
আমার চোখই হারিয়েছে মুগ্ধ হওয়ার যৌবন?
যে মানুষ সব ভুলে যায়,
সে এত কিছু মনে রাখে কী করে?
আর যে এত কিছু মনে রেখেছে,
তার নতুন করে কিছু পাওয়ার পিপাসা মরে যায় কেন?