| কবিতা | মৃত মানুষেরা একদিন ফিরে আসবে |
| কবি | আজিজুল হক |
| সময় | ১৫/১১/২৬ |
| উৎসর্গ | মানুষকে |
| লিখার স্থান | কোচবিহার |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, ভারতবর্ষ |
হে মৃত্যুর প্রহরী, মালাকুল মউত,
তোমার চোখে কি আজও সন্ধ্যা নামে না?
নদীর জলে কত মুখ ভেসে যায়,
কোনোটি মায়ের, কোনোটি শিশুর;
কোনো চোখে তখনো লেগে থাকে পৃথিবীর শেষ বিকেলের রোদ।
তুমি কি দেখো না? এই যে নদী,
একদিন যেখানে শালিকেরা জল খেতে আসত,
আজ সেখানে মানুষের রক্ত; জলের গভীরে ডুবে যায় মানুষেরই ছায়া,
আর আকাশে উড়ে যায় কয়েকটি নির্বাক পাখি।
ইব্রাহিম! তোমার সেই প্রথম বজ্রধ্বনি যখন নেমে এসেছিল পৃথিবীর বুকে,
আমি দাঁড়িয়েছিলাম কুরুক্ষেত্রের ধূসর প্রান্তরে!
দেখেছিলাম, শ্রীকৃষ্ণের বিশ্বরূপে নক্ষত্রের পর নক্ষত্র নিভে যাচ্ছে,
সমস্ত অহংকার, সমস্ত রাজমুকুট ধুলোর মতো উড়ে যাচ্ছে সময়ের বাতাসে।
তবু মানুষের বুকের ভিতর যে অন্ধকার,
তার কোনো বিনাশ দেখিনি সেদিন।
আয়েশা! সেদিন মরুর বুকে যে ঝড় উঠেছিল,
তার বালির ভিতর আজও দ্রৌপদীর দীর্ঘশ্বাস,
হস্তিনাপুরের রাজপথে সন্ধ্যা নামে,
প্রাসাদের জানালায় জমে থাকে পাপের ধুলো।
একটি নারী অপমানিত হলে পৃথিবীর সমস্ত নদী কি একটু থেমে যায় না?
একটি শিশুর কান্না শুনে কোনো প্রাচীন বটগাছের পাতাও কি কেঁপে ওঠে না?
তবু রাজারা ঘুমায়!
তাদের স্বপ্নে সোনার মুকুট, আর বাইরে পড়ে থাকে মানুষের ছিন্নভিন্ন শরীর।
অশোক বাটিকার পাতায় একদিন সীতার চোখের জল শুকিয়ে গিয়েছিল,
দশাননের দশটি মুখে তখনো জ্বলছিল পৃথিবী জয় করার দুর্দম বাসনা।
সময়ের কাছে কোনো অহংকারই দীর্ঘজীবী নয়,
এক পেয়ালা মদে নয়,
একটি দীর্ঘ নিঃশ্বাসেই কখনো কখনো ভেঙে পড়ে সাম্রাজ্যের সমস্ত প্রাচীর।
আজ আর কোনো যুদ্ধের শঙ্খ শুনতে চাই না।
চাই না আকাশজোড়া আগুন, চাই না নক্ষত্রের মৃত্যুর উৎসব। শুধু চাই, এই পৃথিবীর সমস্ত মৃত শিশু একদিন ঘুম থেকে উঠে মায়ের কাছে ফিরে যাক;
যে নদী রক্তে লাল হয়েছে, তার জলে আবার শাপলা ফুটুক, সন্ধ্যার বাতাসে ফিরে আসুক ধানের গন্ধ,
আর কোনো মা যেন দরজায় দাঁড়িয়ে অন্ধকারের ভিতর সন্তানের পায়ের শব্দ না খোঁজে।
তবু যদি একদিন আকাশের বুক চিরে নতুন কোনো সূর্য ওঠে।
সে সূর্য যেন আগুন নিয়ে না আসে;
তার আলোয় আমরা চিনে নিই আমাদেরই হারিয়ে যাওয়া মুখ।
, এত মৃত্যু, এত রক্ত, এত অন্ধকারের পরও পৃথিবী একদিন মানুষেরই হবে,
নদীর মতো দীর্ঘ, ঘাসের মতো নীরব, আর ভোরের শিশিরের মতো অবিনাশী, নির্মল, জীবন্ত।