কবিতা ভুল চোখে চোখ রেখে
কবি তন্ময় সাহা
সময় 03 জুন 2026, দুপুর
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রতিবাদ

আজকাল, বড় বেশি চোখে রাখি চোখ ।
ঘুরে ফিরে ওর চোখে: চোখ খুঁজি—
কিই জানি! আজ কেন চালসে জ্বালায়?
এমন তো হতো না! মলয়—
ভয় হয়, ছেড়ে যদি চলে যায়…

মরম বেদনা এ—বুঝিবে কি—সাইকিয়াট্রিস্ট !
ইউফ্রেটিসের তলে চলে যেতে, মন খুব চায়; খুব বেশি—

দূরের জিনিস—আমি আর ভালো দেখি না। চশমা তো পড়ি!
লোকে বলে, "এইবার, চোখ কেটে নাও।"
ভালো চোখ, কেটে দেবে!
অনেকে তো না দেখেও দেখে।

ইদানীং , বুঝলি মলয়—ওর চোখও কেন যেন ঘোলাপানা—
হয়তো অনেক কিছু দেখেও আর দেখে না।
কত বক উড়ে যায়, কতইনা চাঁদ ওঠে–কতযুগ
দেখেনি ও?
খালি বলে,
"মুরোদে কুলোয় যদি মরো না!"
একসাথে মরি এসো "—বলে না!

ও মলয়, এসব কি ওর চোখে লেখা ছিল?
আমার তো চালসে রে, আমিই কি চোখে দেখিনি?
আজকাল বড় বেশি চোখে রাখি চোখ,
ঘুরে ফিরে ভুল চোখে লেখাগুলো খুঁজি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted