| কবিতা | এপিটাফ-কাব্য |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | এপ্রিল, ২০২৫ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | অন্যান্য |
আমি অসংখ্যবার যুদ্ধ করেছি।
আমি সে যুদ্ধে হেরে গেছি, যে যুদ্ধে–
শত্রুরা আমাকে চারপাশে ঘিরে রেখে অট্টহাসি হেসেছে।
আমি সে যুদ্ধেও হেরে গেছি, যে যুদ্ধে–
আমি আমার সর্বশেষ শত্রুর মস্তক ধড় থেকে আলাদা করে দিয়েছি।
আমি সে যুদ্ধটাও হেরেছি,
যে যুদ্ধটা আমি নিজের জন্য করি নি।
আমি সে যুদ্ধও হেরেছি,
যে যুদ্ধ আমি শুধু নিজের সাথেই করেছি।
আমি বারবার হেরে গিয়েছি।
আমি বারবার পরাজয় বরণ করেছি সেইসব যুদ্ধে,
যেসব যুদ্ধ আমার ওপর চাপিয়ে দেয়া হয়েছে।
আমি পরাজিত হয়েছি সেখানেও,
যেখানে যুদ্ধ আমি স্বেচ্ছায় শুরু করেছি।
আমি নিরস্ত্র হয়ে দেখেছি,
আমি পারমাণবিক বোমা মজুদ রেখে দেখেছি,
যুদ্ধ শেষে আমি প্রতিবারই হেরে গিয়েছি।
আমি আদতে কখনও যুদ্ধই করি নি।
আমি শুধুই যুদ্ধ হেরেছি।