| কবিতা | আমার পাশে কেউ বসে নেই |
| কবি | হাসনাত আবীর অঙ্গন |
| সময় | নভেম্বর, ২০২৫ |
| লিখার স্থান | ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ |
তুমি ফিরে আসো বারবার।
তুমি ফিরে আসো যেভাবে নভেম্বরে–
শীত ফিরে আসে বৃষ্টির সাথে, ঠিক এক বছর পর।
তোমাকে অনুভূত হয়, তোমাকে এখনও মাঝে মাঝে অনুভূত হয়।
তোমাকে অনুভূত হয় একজন নিশাচর ধুমপায়ীর মতো।
যে মাঝরাতে সিগারেটের প্যাকেট খুলে সিগারেট পায়,
কিন্তু সমস্ত ঘর এলোমেলো করে খুঁজে পায় না লাইটার।
তোমাকে অনুভূত হয় যেভাবে ক্ষুধার জ্বালা অনুভূত হয়–
উদ্বাস্তু পথশিশুর।
তোমাকে অনুভূত হয় যেভাবে নিঃসঙ্গ সন্ধ্যায় তীব্র ঝড় অনুভূত হয়–
প্রেমে ব্যর্থ প্রেমিকের মনে।
অনেকগুলো দিন কেটে গেছে।
তোমাকে মনে পড়া কমে গেছে আগের চেয়ে।
তবুও তোমাকে মনে পড়েছে।
তখনই, যখন খুব অসহায় হয়ে পড়ে পাশে দেখেছি–
আমার পাশে কেউ বসে নেই।