| কবিতা | লাল গোলাপ |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, ভারতবর্ষ |
লাল বলতে এতকাল তোমাকেই বুঝতাম
আর বুঝতাম গোলাপ কে!
গোলাপের লাল রঙে মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতাম তোমার ছায়া, পড়ছায়া কে।
খুব ভাবি, এই ধর,
নিদেন পক্ষে জলদাপাড়া কিংবা হাতের কাছেই চিলাপাতা
যদি গোলাপের বন্য উদ্যান হত!
গঙ্গায় যদি চাষ হত রাশি রাশি গোলাপের চারা
ভারত মহাসাগর বেয়ে প্রশান্ত কিংবা আটলান্টিক হত গোলাপের সামুদ্রিক জাহাজ।
রাশি রাশি বরফের চাঁই ভেঙে যদি হিমালয় থেকে নেমে আসতো গোলাপের অজস্র বুকি!
আমি তা তোমার হাতে দিয়ে বলতাম,
ভালোবাসি,
তোমাকেই ভালোবাসি।
ছেচল্লিশে একবার কলকাতা ভিজেছিল রক্তস্নানে,
হতভাগা গোলাপের লাল রঙ
রক্তের স্রোতে ভেসেগেছিলো
গোলাপের প্রতি সেই প্রথম আমার ঘৃণা!
তারপরেও আরও কতবার ধর্মের দোহাই দিয়ে লাল গোলাপ গুলোকে
তুমি - আমি রক্তের রঙে উৎযাপিত করেছি পৈশাচিক উল্লাস।
ততদিনে মোঘল গার্ডেনের চরিত্র বদলে গেছে,
ফিকে হয়েছে গোলাপের লালিমাও!
আবার কত পুলোমা কিংবা প্যাহেলগাঁওয়ে গোলাপের রং ঝরে পড়ল নির্লজ্জ আদিমতায়..
আমি ভীত, সন্ত্রস্ত্র হয়ে উঠি আমার চোখের সামনে লাল গোলাপের ফিনকি দিয়ে যখন ঝরে পরে সিন্ধু - গঙ্গায় রক্তের দানবীয় উল্লাস।
ধর্মহীন একদল আরণ্যক
যখন ধর্মের নামে মানুষ মারে,
রাষ্ট্র চালায় ধর্ম বেচে,
আমার আসমুদ্র হিমাচলে ফিকে হয়ে যায় ধর্মের রং,
গোলাপ ফ্যাকাশে হয়ে সাদা মেঘে ভাষায় রক্তস্নাত একদল বুদ্ধিদীপ্ত ইবলিসের মস্তিষ্কে তখন খেলা করে আগামী সংসদের মানচিত্র।
এক ধাক্কায় হেরোডোডাস কিংবা ইবনে খালদুন,
অথবা ঈশা, মুসা, কৃষ্ণ, বৌদ্ধ, হজরত,
নির্লজ্জ মূর্খামির গোলাপ বাগানে মাথা আছড়ায়,
সব নরম কচি মন গুলো বিদ্বেষে ছেয়ে যায় প্রতিক্ষন,
প্রতিবাদের নামে জেগে উঠে আর এক ধর্মীয় উৎপীড়নের নব কৌশল!
মানুষ মরে, কিছু ধার্মিক হিসেব কষে সিংহাসনের,
নাম লেখায় কবিও..
তার চরিত্রে ভেসে আসে রক্তের রং,
তার চোখে লাল গোলাপ হয়ে উঠে রক্ত সমুদ্রের প্রশান্ত মহাসাগর।
ফিনকি দিয়ে আসা রক্তের আগ্নেয়গিরি
বইমেলা, বিশ্ববিদ্যালয়, পাবলিক লাইব্রেরি সর্বত্রই আলোচনা,
কে কত বিদ্বেষ প্রেমী -
নির্লজ্জ প্রতিযোগিতা!
এক নিমিশেই সব সম্পর্ক গুলো বিলীন হয়ে যায় রক্তের চোরা স্রোতে।
অথচ কাল যখন তোমার উষ্ণ লাল ঠোঁটে আমি চুম্বন করেছিলাম,
সেখানে ভেসে উঠেছিল গোলাপের লালিমা
আজ সেখান থেকে উপচে পড়ছে
চাপ চাপ রক্ত স্রোত!
এখন আর লাল বলতে আমরা গোলাপ বুঝিনা,
বুঝি উন্মাদ প্রেমিকের ছদ্মবেশে ঘাতকের বন্দুকের নল থেকে বেরোনো মানুষ বিদ্বেষী রক্ত নদীর স্রোতে ভেসে চলা আসমুদ্র হিমাচল!!
লাল এখন গোলাপের রং নয়,
আসমুদ্র হিমাচলের নাম!!