কবিতা কনফেশন
কবি নিয়াজ মাহমুদ
কাব্যগ্রন্থ যে রৌদ্র গল্প করে
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

দুই-সিক ভাঙা একটা কালো ছাতা ধরে দাঁড়িয়ে আছি
হলুদরঙ একটা বই উল্টেপাল্টে দেখে দামাদামি করে রেখে এসেছি নীলক্ষেতে
আমি জানি এক সপ্তাহ পর আমি আবার দামাদামি করে বইটা কিনবো।
দুই-সিক ভাঙা ছাতা। বৃষ্টি।
অর্ধেক শরীরে পড়ছে পানি আর অর্ধেক বাইরে
আমি জানি ছাদে রেখে আসা আমার লাল টি-শার্ট
এখন বৃষ্টিতে ভিজছে।
দুইটা চড়ুই এখন আমার বারান্দায় অ্যালোভেরা প্লান্টের টবে এসে বসেছে।
আমি জানি।
বেসিনে পড়ে থাকা ক্যারামেল ব্রেডের উপর
আমি জানি লাল পিঁপড়াগুলো এখন লাইন ধরেছে।
আগামী সপ্তাহে আমার কয়টা ইন্টারভিউ
আমার কোন বন্ধুর অপারেশন
আমার ইন্টারনেট বিলের লাস্ট ডেইট কবে
আমি জানি।
আমি জানি কোনটা ফড়িং আর কোনটা ফড়িং না
একটু পরে বৃষ্টিটা থেমে যাবে আমি জানি।
সম্ভবত দশ মিনিট পরে।
আমার ভাঙা ছাতাটাও যে আমি বদলাবো না
আমি জানি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted