কবিতা কিছু জল গতিপথ বদলায়
কবি পংকজ পাল
কাব্যগ্রন্থ আকাশের সাগরে নীলপদ্ম
সময় ১০ জানুয়ারি, ২০২৪,সকাল
লিখার স্থান ইসলামপুর,জামালপুর
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

কিছু জল গতিপথ বদলায়
অথবা স্থির থাকে।
দলবেঁধে পাহাড় ঘেঁষে নদী ছুঁতে চায় না,
থেকে যায় তার উৎসের কাছাকাছি
অথবা মাঝপথে সুবিধাজনক জায়গায়।

কিছু জল!
প্রবল স্রোতে ঘর-বাড়ি গাছপালা ভাঙতে চায় না,
দৌড়ে সাগর ছুঁতেও চায় না,
কেবল তৃষ্ণা মিটায়।

কিছু জল!
যার বুকে সহস্র প্রকার প্রাণী বাসা বাঁধে,
কখনো রাগে অভিমানে-
সাগর থেকে বহুদূর নির্জনে বাস করে,
কাউকে তার একাকীত্বের সাথে নেয় না।

কয়েক ফোটা জল!
আকাশের সাথে অভিমান করে
চোখের কর্ণিয়ার পিছনে লুকিয়ে থাকে।
নরম হৃদয় একটু আঘাত পেলেই
কষ্টের বুকে অশ্রু হয়ে ফোঁটা ফোঁটা ঝরতে থাকে।
কিছু জল গতিপথ বদলায়।
কিছু জল!

guest
0 Comments
Newest
Oldest Most Voted