কবিতা কালো ছায়া
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 07 ডিসেম্বর, 2023,বিকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা ছায়া ভীতি
কবিতার বিষয় অন্যান্য
4/5 - (1 vote)

আমার যাতায়াতের পথের ‘পরে
এক ভয়াল ছায়া ভর করে।
অস্তগামী সূর্য দানে অন্তিমের আলো,
ভরা সাঁঝে গ্রামের মাঝে
তখনও জ্বলেনি প্রদীপ ভালো।

তাল খেজুরের পাশাপাশি
আম গাছেদের ঠাসাঠাসি,
তমালের বন করেছে সৃজন
ঘন কালো ছায়া জমির ধারে।
মেঠো পথ দিয়ে মাড়িয়ে ছায়া
যেতে কেমন ভয় করে।

কোন্ প্রেত শক্তি আছে লুকায়ে
কালো ছায়ার মাঝে জাল বিছায়ে।
গা ছমছম করে টমটম বুকের মাঝে
অশরীরীর আতঙ্ক বাজে।

জঙ্গলের ঐ ফাঁকে ফাঁকে
ঝিঁঝিঁ পোকা উঠছে ডেকে,
মন আমার থেকে থেকে
হতেছে নিশ্চল।

পার হতে হবে ঐ ছায়া খানি
পথের উপর অনেক খানি
জায়গা জুড়ে।
গ্রাসিছে নিস্তব্ধতা
সান্ধ্য ধোঁয়ার ঘনঘটা
দূরের ঐ পাড়া মুড়ে।

ভূতের ছায়া, প্রেতের ছায়া, কীসের ছায়া
গাছের ছায়া, তার তরে ভয়?

নির্জন প্রান্তরে পথিক একা আমি
দূরের গ্রামের ঘণ্টার ধ্বনি
কান পেতে শুনি।
তাতেই আমি মনের মাঝে
দুঃসাহসের সাহস আনি।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted