| কবিতা | বেখেয়ালী মন |
| কবি | আজিজুল হক |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | প্রতিবাদ, প্রেম, বিরহ |
**বেখেয়ালী মন**
© আজিজুল হক
সব ছোঁয়াই কি স্পর্শ হয়!
কতজন তো কত সময় ভালোবাসে হাতে হাত রেখে পথ চলে..
সে হাতের স্পর্শ কি মন ছুঁতে পারে!
নাকি হাতে হাত রাখলেই অনন্ত প্রেমের আদি গঙ্গা হৃদয়ে বয়!
সব বাতাসেই কি ঝড় উঠে ,বল,
কালবৈশাখী তো হঠাৎই আসে।
সব বৃষ্টির জলও তো ভেজাতে পারে না মন,
অথচ চোখের জলেও কখনও কখনও হৃদয় স্পর্শ করে।
শরীর ছুঁয়ে দেয় তো কতজনই,
বাসে,ট্রেনে, ট্রামে কিংবা উৎসব আনন্দের কত না ভীড়ে!
মন ছুঁতে পারে কি সে ছোঁয়ায়!
হৃদয়ের দোলায় বিষন্ন কোন এক সময় সেই স্পর্শ গুলোই ঝড়ের মত দোলা দেয় মনে,
ছুঁয়ে যায় যা মনে।
কত তো প্রেম ঘুরে বেড়ায় পথে , ঘাটে,বাজারে কিংবা রেস্তোরার গোপন করিডোরে,
হৃদয় ছুঁয়ে বেঁচে থাকে কি সে প্রেম!
হৃদয়েই জানে কত টা স্পর্শে সে প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে উঠে!
বিছানা গুলিও সাক্ষী থাকে কোন এক বিষন্ন মনের..
কত রাত কত বধূর চোখের জলে স্পর্শ পায় তার হারিয়ে যাওয়া কোন এক বিকেলের পড়ন্ত বেলা।
পাশ ফিরে ঘুমানো মানুষটার মধ্যে সে বিকেলের প্রেমিক টা কে খোঁজে।
আসলে ,স্পর্শ গুলো খুব স্বার্থপর বটে,
সে কখন কার ছোঁয়ায় যে প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে উঠে!
ভাল থেকো সব স্পর্শ গুলো,
জড়িয়ে থেকো মনে,
প্রাচীল টপকে এস প্রিয় ,
তুমি আমার প্রেমিকা হয়ে।
©আজিজুল হক