কবিতা ঈশ্বরীর গল্প – অথবা একটি রূপ কথার মৃত্যু
কবি আজিজুল হক
উৎসর্গ সমস্ত নির্যাতিত মাতৃজাতিকে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা দেবী দুর্গা কে নিয়ে রূপক
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, বাংলাদেশ, ভারতবর্ষ, রূপক

*ঈশ্বরীর গল্প -
অথবা একটি রূপকথার মৃত্যু*
©আজিজুল হক

তোমাদের আমি ঘেন্না করি,
তোমরা মিথ্যে কে গল্প বানিয়ে মিথ করেছ,
সীতার মত চরম দুঃখিনী নারীকে পঞ্চ সতীত্বের তকমা দিয়ে তাঁকে মহান করে তুলবার তোমাদের এ প্রয়াস মনে রেখ ,
এ তোমাদের লজ্জা ঢাকবার অপপ্রয়াস !
অথচ তোমাদের সমস্ত লজ্জা সেদিনই নিঃশেষ হয়ে গেছিল
কৌরবদের রাজ সভায়!
পাঞ্চালির বুক থেকে খসে পড়া বস্ত্রের দৃশ্য গুলো উপভোগ করছিলে
তোমরা অতি উৎসুকের মত !
ভগবান শ্রীকৃষ্ণের উত্তরণ !
সেতো কবির কল্পনা মাত্র।
কি নিদারুণ যন্ত্রণার শিকার হতে হয়েছিল আয়েশাকেও,
ইচ্ছে - অনিচ্ছা বুঝে উঠবার আগেই বিসর্জন দিতে হয়েছে নিজেকে।
আর তোমরা জান্নাতের গল্প শোনাও!
শহরের কবি সম্মেলন গুলোতে প্রদীপ জ্বালানো মানুষটাই বদলে যায়
ঘরের চৌহদ্দি তে!
আগুনে পুড়ে রোজ মন,
ঈশ্বরের জন্ম হলেও ঈশ্বরীর ধারণা কথার কথা মাত্র!
মাদুর্গা আসেন বছর বছর,
কয়েকটা দিন বেশ ভালই কাটে তার,
তারপর রোজ রোজ শ্মশান -মশানে কাটানো পুরুষ টা যে কত যন্ত্রণার কারণ হতে পারে,
সে তারাই বোঝে ,
যে সব দুর্গারা রোজ ভোগে!
দশভূজা অস্ত্র হাতেও নির্বিষ জীবন ধারণ করে,
অসুর নিধন গল্প তখন অন্য মাত্রা পায়!
মায়ের স্নেহ ভালোবাসায় বড় হওয়া ছেলেটা
মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়,
সুখী পরিবারের স্বপ্নে নিজের জগৎ গড়তে!
আর এক দুর্গার স্বপ্নের মৃত্যু ঘটে কেবল।
ধর্ষিতা মেয়ের দাম ঠিক করে দেয় রাষ্ট্র ,
মেয়েদের এভাবেই মরতে হয় রোজ !
আঁতকে উঠতে হয় পুলিশের সেলে ধর্ষিতার গোপন পরীক্ষায়!
মা দুর্গা অসহায়!
ঈশ্বর সত্যি মেয়েদের বোধ হয় একটু বেশি ভালোবাসেন,
জেনে বুঝে সব যন্ত্রণা গুলো দিয়ে সতিত্ত্বের ধারণা টা উস্কে দেন , বইকি!
আমার পাড়ার দুর্গা মাসীর দুদিন খোঁজ নেই,
জানা গেলো তাকে পাওয়া গেছে কবিতার লাইনে
কোন এক আধুনিক কবির কলমে!
শরৎবাবু আর কিছুদিন বেঁচে থাকলে ক্ষতির কিছু হত না,
অন্তত: রামবাবুদের ভণ্ডামি গুলোর কল্প কাহিনী নিয়ে
নুতন করে গৃহদাহ কিংবা চরিত্রহীন লিখতেই পারতেন!
নতুবা নিদেন পক্ষে বাংলা একাডেমির
চেয়ারে বসে কবি সম্মেলনে কোন এক নারী কবির আঁচলে গন্ধ শুকতেন
গন্ধামাতন পর্বতের বিশল্যাকরণীর!
ঈশ্বর বোধ হয় সতীত্ব অর্জন করতেন!
অহল্যার অপবাদে ভ্রষ্ট হয়ে যাওয়ার
মুহূর্তের দৃশ্য গুলো
উপভোগ করা ঈশ্বরের ঈশ্বরত্ব তাই আমার আলোচ্য বিষয় নয়,
যত টা বীরাঙ্গনা লক্ষ্মীবাই !
©আজিজুল হক

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments