কবিতা নীড় খোঁজে দু নয়ন
কবি আজিজুল হক
উৎসর্গ সমস্ত নির্যাতিত মানব জাতিকে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, ভারতবর্ষ, রাজনৈতিক
4/5 - (1 vote)

নীড় খোঁজে দু-নয়ন
©আজিজুল হক
@followers

আজকাল আর কারো চোখে চোখ রাখা টা এক অস্বস্তিকর জন্মান্তরবাদের গল্প শোনায়!
অলিগলির এপার ওপার ব্যাপী মেলাতে পারি না চোখ ,
পাশ কাটিয়ে চলে যাওয়াই নিতান্ত শ্রেয় মনে হয়।
অসাবধানতায় যদিওবা কখনো চোখে চোখ পড়ে যায়
সংকোচের মুহূর্তেই সরিয়ে নিতে হয় চোখ!
যেমন চাকরির দাবীতে অনন্ত ধর্নায় বসে থাকা বেকারত্বের চোখ,
কিম্বা রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বোমায় ছিন্নভিন্ন প্রতিবেশীর লাশের চোখ
বিব্রত করে আমায়।
শহর জুড়ে দাড়িয়ে থাকা ফুটপাত গুলো যখন ক্রমশ
উন্নয়নের জোয়ারে
দাড়িয়ে থাকে শিক্ষিত টোটো আর অটোর মিশ্রিত সহবাসে,
শিক্ষিত ছেলেটা অকারণে গালি খায় লাস্ট বেঞ্চের বসে থাকা ছেলেটির মত!
চোখে মুখে হতাশা ক্ষিধের অসহ্য যন্ত্রণা,
সে চোখ গুলো আমায় প্রতিনিয়ত আহত করে ,
আমি চোখ ফিরিয়ে নিই আগুন ঠিকরানো চোখ থেকে।
আমি তাকাতে পারিনি দেশের অজস্র শস্যক্ষেতে,
কৃষকের চোখের জলে যেখানে বন্যায় ভেসে যায় অজস্র কান্না দিল্লির মসনদে,
রাজা হাততালি দেয় অট্টহাসিতে,
পুরোহিত গণতন্ত্রের মন্ত্র পড়ে,
রাষ্ট্র নায়ক থাকে অনাহুত!
আমায় চোখ ফিরিয়ে নিতে হয় নিয়মিত!
দেশের বুলেট ট্রেন যেন বুলেট বিদ্ধ করে চোখ উপড়ে নেয়
হাজার চুরাশির সব মায়েদের!
আমার চোখ বিমর্ষ হয়ে উঠে ক্রমশ!
কাঞ্চনকন্যায় ফিরে আসা সেই মেয়েটা ,
চাকরির নাম করে রোজ শরীর বেঁচে ক্লান্ত দেহ টা কে
নিয়ে গভীর রাতে বাড়ি ফিরে যখন বিছানায় এলিয়ে দেয় ক্লান্ত শরীরটা,
তার মা তখন অসুস্থ বাবার পাতে দুমুঠো ভাত বেড়ে দেয়!
লজ্জায় চোখ সরিয়ে নিতে হয়,
যদিও দেশের পার্লামেন্ট ভবন তার চোখ খেয়ে ফেলেছে অনেক দিন আগেই!
এমন মেয়ের চোখের দিকে তাকাই
তেমন বুকের পাটা আমার কই!
চোখ সরিয়ে নিই,নিতে হয়,
ডুবে থাকি আকণ্ঠ সোশ্যাল মিডিয়ায় ,
ইউটিউব কিংবা ফেসবুকের মুখরোচক খাবার গিলতে থাকি অনবরত:
লাইক, কমেন্টস, লাভ, হাহা-র জঞ্জাল গুলো হিসেব করি,
ভিউয়ারসদের ভীড়ে খুঁজি মনিটাইজেসনের উল্লাস!
সব কিছুর উর্ধ্বে নিজেকে খুঁজি ,
আয়নায় সামনে দাঁড়িয়ে নিজের কুৎসিত চেহারাটা দেখি বারবার ,
নির্লজ্জের মতো আমিও তখন অন্ধ ধৃতরাস্ট্রের মত
গান্ধারীর শতপুত্রের জন্মদাতার ব্যর্থতার লজ্জায় মুখ লুকিয়ে থাকি !
মহাভারতের সব চোখ গুলো চেয়ে থাকে বেদব্যাসের দিকে,
লোক টাও লজ্জায় চোখ সরিয়ে নেয়
আমার মত ,
আমি আগুনের নির্লজ্জ উল্লাস দেখেছি সেদিন ধৃতরাষ্ট্রের অন্ধ চোখে!
আজিজুল হক
২৩/৯/২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted