| কবিতা | রাংতায় মোড়ানো রঙ |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | দেশপ্রেমিকদের |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, ভারতবর্ষ |
***রাংতায় মোড়ানো রঙ***
©আজিজুল হক
মিছিলের রঙ ছিলো লাল, আমি সেটাকে বিপ্লবের রঙ ভেবেছি,
মিছিলে মেলানো অজস্র পদধ্বনির প্রত্যাশা গুলোকে আমি ভালোবাসার নীল রঙের আকাশে ছড়িয়েছিলাম,
চাঁদের মাটিতে খুঁজতে গিয়েছিলাম মোহাম্মদী দু টুকরো চাঁদের শিৎকার ধ্বনি !
মিছিলের রং গুলো বদলেছে অবিরত,
লাল , নীল,সবুজের অন্তহীন জোড়াতালি,
সমুদ্র মন্থনে উদ্গত সমস্ত বিষ গুলো ধারণ করে মহাযোগী নীলকন্ঠ হয়ে উঠেন,
মিছিলের বিষ গুলো দূর্নীতির পাহাড়ে রাজপ্রাসাদ গড়ে নিত্য নিত্য!
আমার ভালোবাসার রং ,
সেও তো নীল!
অনেক টা আকাশের মত,
ফাঁপা , শূন্য!
আমার বেলায় আমার ভালোবাসা রুদ্ধ বৈঠকে
মসনদের হিসেব কষেছিল ! আকাশটাও কেঁদেছিল মিছিলের কালো আর বিভেদের রঙে !
আমি ভেবেছিলাম,
আকাশ আমার মতই সাগরের চোখেও অশ্রুধারার ব্যথায় সমব্যথী হয়েছে পুনর্বার!
আমি বুঝতে পারিনি আমরা তখন হেঁটে চলেছি
মিথ্যের প্রলেপ রাঙানো স্লোগান গুলো সঙ্গে নিয়ে
এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ের দিকে!
আমিও সেদিন মিছিলের নোনা বালির ঝড়ে ভেসে আসা বালুকা রাশির কাছে
আমার ভালবাসা কে উপহার দিলাম,
সাগরের কান্নায় নিজের দুঃখ গুলো ভাসিয়ে দিলাম
সেদিন আকাশ থেকেও বিরামহীন জলের ধারা নেমেছিলো।
আমি মনে করেছিলাম,
ভীষণ ভালোবাসে আমায় আকাশ,
ঠিক আমারই মতো।
আমি বুঝতে পারিনি তা ছিল
আকাশের রং পাল্টানোর সময়!
এরপর আমি আবারও মিছিলে হাঁটতে শুরু করেছিলাম,
মিছিলের দুপ্রান্ত জুড়ে শুধু ক্ষুদিরামের সুরধ্বনি ,
সেদিন আবার নিজেকে
ভাঙতে শুরু করেছিলাম একটা অপদার্থ মানুষ হিসেবে,
কেন না অপদার্থরাই নেতৃত্ব দেয়!
কি অদ্ভুত!
সেদিন আকাশটাও রাতারাতি বদলে গেছিল,
তার চোখে কোন জল ছিল না আর,
সাগর গুলিও সব দুঃখ ভুলে
বদলে ফেলেছিল নিজেদের দামাল দুরন্ত বেগে
সব অপবাদ গুলোকে আঁচড়ে ফেলছিল ঢেউ ভাঙ্গা স্রোতে ।মেঘের দেশে মাধবীলতা
তখন বেহুলার ভেলায় বসে
খোঁপায় বেঁধেছিল লাল পলাশ।
©আজিজুল হক
১১/৯/২৩