কবিতা নোঙ্গর বাঁধার গল্প
কবি আজিজুল হক
সময় 16/6/23
উৎসর্গ দেশপ্রেমিকদের
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা বর্তমান সমাজ
কবিতার বিষয় জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, ভারতবর্ষ

***নোঙ্গর বাঁধার গল্প***
©আজিজুল হক

পুরো রাজ্য জুড়ে বস্তির খিল্লি,
শহর ,গ্রাম গুলো রক্তের খানাখন্দে ভরা,
কোথায় ফেলবে নোঙর তুমি,মাধবীলতা?
তোমার চারপাশের মুখ গুলো
মুখোশ পরা আজ ,
অবাঞ্ছিত আত্মারা পেতাত্মা হয়ে নোঙ্গর গড়ছে হৃদয় অলিন্দ জুড়ে।
প্রশ্ন গুলো খুব স্বাভাবিক,
ভালোবাসার সাগর ,সমুদ্রেও তো বাস করে মাংসাশী প্রাণ!
তার বেলায়!
যত দোষ ফুলেল ছেলেরা যখন লাঠি হাতে তোমার মৃত্যু লীলা সংগঠিত করে!
মেয়েটাও বড্ড বেজাত বটে!
রাতের অন্ধকারে না হয় ছোট ছেলেটা একটু তোমার অনিচ্ছায় দাগ কেটেছে শরীরে,
তাই বলে এত বাদ - প্রতিবাদ? সে তো যখন তোমার প্রিয়তমও করে,
তার বেলায়!
ওসব কোর্ট কাচারীর নকশামিপনায় কি আসে যায়!
আমার হাতেই যখন শাসকের দণ্ড টা!
দু একটা লাশ পড়ল বলেই রে রে করার কি আছে?
মানুষ তো রোজই মরে কোথাও না কোথাও,
তার বেলা?
ওসব ইজ্জত পিজ্জত বালাই শাট!
টাকায় বলে কথা!
মাতাল সাজে কর্তা আজ!মিছেই তোমার সাধু সাজা!
এই মেয়ে টা, যাচ্ছ কোথায়?
ঘর টা যে বন্ধ তোমার।
চারিদিকে আজ লেজ দুলিয়ে নাচছে শেয়াল ,
রক্তচোষা গিরগিটি টা ঘরেতেই আছে হয়ে বেসামাল।
আগে ঘর সামলা,পরে না হয় ইজ্জত,
কাপড় টা খুলে দে এবেলা,
মুখোশধারীর মুখে ছিটিয়ে দে থুতুর ঢেলা!
শহর জুড়ে, শরীর ছুঁয়ে দেখছো কি প্রেমের পরশ?
তোমার স্পর্শের ছোঁয়া আজও স্মৃতি হয়ে বাঁচতে শেখায়,
লড়তে শেখায় নোঙ্গর ফেলতে শহর জুড়ে,হৃদয় জুড়ে।
ভাঙ্গর ছেড়ে, রাজপথের কান্না জুড়ে!
মাধবীলতা, ছুঁয়ে দাও আরবার ,বারবার আমার ঠোঁটে স্নিগ্ধতার পরশ,
আমি অন্তত তাতে নোঙর বাঁধি রাজপথ ব্যাপী,
তোমার কপালের লাল টিপ টা জ্বলে উঠুক ,
বুকের পাঁজর গুলোকে শক্ত কর ,
নিমিষে আরও শোষকের দাপটে!
‘’জঞ্জাল গুলো এমনিতেই ভীত ,
জেনো,আসলে
বাতাস ব্যাপী গন্ধে ভাসে
ধর্ষকেরা সেই অব্ধি ভাসে!
এই শহরে কোথায় হবে তোমার ঠাঁই?
অশুচি তো নও তুমি,দুহিতা থেকে হয়েছ মাতা
পাথর ভাঙ্গা পথ পাড়ি দিয়ে আজ তুমি ধর্ষিতা রাজপথে,
তোমার ছেলেরা তবুও স্বাধীনতার লড়াই করে।
নিজের ঠিকানা খুঁজতে যেওনা আর,
আমার হৃদয় জুড়ে আজও সেই বসন্ত তোমার অপেক্ষায় পথ গুনে।
ধর্ষিতা নারী যে আমার মা, আমার প্রিয়তমা,
আমি তোমার চরণে আমার সব ভালোবাসা ,স্বাধীনতা গুলো অঞ্জলি দি।
তোমার কষ্টগুলো ,সেতো আমারই দেওয়া,!
আজও আমার বুকে ব্যাধের তীরের তীব্র বিষের যন্ত্রনায় আমি ছটফট করি,
প্রিয়তমা, মৃত্যু আমার শিয়রে দাড়িয়ে,
আমি ভীত নই কিন্তু আমি তোমায় হেরে যেতে দেখতে চাই না আর,
আমি তোমার বুকে মাথা রেখে মৃত্যুর স্বাদ নিতে নিতে তোমার যুদ্ধ জয়ী মুখের হাসিটা দেখে যেতে চাই।
ততক্ষণে আমি নোঙ্গর বাঁধব তোমার ক্লান্ত হৃদয়ের অলিন্দ জুড়ে !
আজিজুল হক
১৬/৬/২৩

guest
0 Comments
Newest
Oldest Most Voted