কবিতা প্রিয় নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের প্রয়াণে
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা / নন্দিতা প্রকাশ
সময় ২ জুন ২০১৯
উৎসর্গ প্রিয় নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদকে
লিখার স্থান রাঙামাটি
সম্পৃক্ততা প্রিয় নাট্যকার মমতাজ উদ্দিন আহমেদের প্রয়াণে
কবিতার বিষয় মৃত্যু
Review This Poem

জীবনকে আস্তিনের ভাঁজে গুটিয়ে,
কনুইয়ের কাছে রেখেছো জামার।
সময় ঘোটক দীর্ঘপথ রথ ছুটিয়ে,
বলে, জনাব হুকুম পেয়েছি থামার।

অসীম শূণ্যতার বিস্তার অন্তহীন ,
হেঁটে গেছো পথিক দীর্ঘ পারাবার,
যে পথ অজানায় হয়েছে বিলীন,
যে তরী ছুটছে প্রত্যাবর্তন বন্ধ তার

রহস্যময় যাত্রাপথ অনন্তে একাকার,
বিকেলের মতো ছায়ারা দীর্ঘকায়।
জীবনের হিসেব হলো না মেলানো আর,
সে পথ হয়েছে বিলীন অজানায়..

প্রিয় নাট্যকার
আমি জানি আমাদের দেখা হবে আবার…
‘সাত ঘাটের কানাকড়ি’ কিংবা ‘জমিদার দর্পণ’ মঞ্চায়নের কোনো ভোরে,
আমার মফস্বল কিংবা তোমার শহরে।
পড়ে আসা ম্লান আলোয়
জোনাকীরা রাখবে আলো জ্বেলে
অদ্ভূত এক অন্য দিনের বিকেলে…

guest
0 Comments
Newest
Oldest Most Voted