কবিতা বাজেট
কবি হাসান মনজু
কাব্যগ্রন্থ স্বরচিত নির্জনতা
সময় জুন ২০১৮
উৎসর্গ দেশের স্বল্প আয়ের দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীকে
লিখার স্থান রাঙামাটি
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

বা জে ট 🖊️ হাসান মনজু

তোমরা তৈরী করো বাজেট,
কালো টাকা সাদা করো শুনি?
গরিবের তা আসে কোনো কাজে?
আমরা তবুও হাজার স্বপ্ন বুনি

বিদেশে হাজার কোটি পাচার,
তার বিবরণ বোকা বাক্সে শুনি,
আমরা তো মরতে মরতে বাঁচার,
তাগিদে দুটো খুচরো টাকা গুনি

বছর বছর শীতের জাহাজে,
এলসিতে হয় উষ্ণতা আমদানি,
তোমরা থাকো উলের ভাঁজে ভাঁজে,
আমরা শুধু ছেঁড়া কাঁথাই টানি

ফস্কা গেরোর জাটকা জালে,
রাঘবরা পড়ে না তো আটকা,
বোয়ালের সন্তরণ অন্তরালে,
আমরা না ঘরকা, না ঘাটকা

টাকা গুনো ডিজিটাল মেশিনে,
ভেজাও না আর আঙ্গুলগুলোও,
অভাব ঠিকই গরিবের বাড়ি চিনে,
দেখো না? তোমাদের চোখে ধুলো?

কারা বেগম পাড়ায় বাড়ি কিনে?
ভরাট করে নদী, বস্তি পোড়ায়,
পুনঃতফসিলি খেলাপি ঋণে,
কারা সুখের পায়রা ওড়ায়?

তবুও বুকে হাজারো প্রত্যাশা,
সাম্যবাদের স্বপ্ন দু’চোখ জুড়ে,
কঠিন এ সব অর্থনীতির ভাষা,
বুঝি না তাই দাঁড়িয়ে থাকি দূরে

guest
0 Comments
Newest
Oldest Most Voted