কবিতা বিধ্বস্ত স্বাধীনতা
কবি ইমামুল ইসলাম মুরাদ
সময় ২৫-১১-২০২২ খ্রিস্টাব্দ,ভোরবেলা।
লিখার স্থান নবাব রোড, সিলেট।
কবিতার বিষয় স্বাধীনতা
Review This Poem

আমি মাটির দেয়ালে লেখা স্বাধীনতা দেখেছি,-
সদ্যোজাত শিশুর রক্তে লেখা স্বাধীনতা;
আমি দেখেছি AK- 47 এর গুলিতে পথচারীর দেহ থেকে –
টপটপ করে ঝরে যেতে, রক্তঝরা স্বাধীনতা!

আমি দেখেছি,-প্রতিটি কুমারীর চোখে বিভীষিকায়,
বিধবার কাতর হাহাকারে;
সীমহীন ভয় ও বেদনায় বিমূর্ত স্বাধীনতা!

আমি ক্ষয়ষ্ণু দেহ থেকে স্বাধীনতার সঙ্গীত শুনেছি,-
শিরশ্ছেদ করা আত্মাদের কন্ঠে গাওয়া স্বাধীনতার গান।

আমি দেখেছি বেসামরিক বিক্ষোভ ও রাজনৈতিক প্রতিবাদে
গ্রেনেডের-বিস্ফোরণে বিদগ্ধ স্বাধীনতাকে!

আমি দেখেছি, গণতন্ত্রের সিংহাসন থেকে একনায়কদের
অপসারণ করতে না-পারা;-ব্যর্থ স্বাধীনতাকে!

এসব রক্তপাত দেখে আমি বলেছিলাম,-
“হে স্বাধীনতা,-এবার তুমি, তোমার ঐশর্যময় শক্তি দেখাও! ”

অত:পর ডুবে যাওয়া বিভ্রান্ত ছায়ার মতো স্বাধীনতা
আমার দিকে ঘুরে বললো,- “আমার শক্তির বীজ বপন করো তোমাদের উর্বর সাহসী হৃদয়ে”।

guest
0 Comments
Newest
Oldest Most Voted