কবিতা একটু দাঁড়াও যম
কবি রামকৃষ্ণ প্রধান
কবিতার বিষয় মৃত্যু
Review This Poem

এতোগুলো বছর দিব্যি বেঁচে আছি
হিংসে, ভালোবাসা অনেক দিয়েছি
গুটিকতক কবিতাও লিখেছি
তবু সাধ হয় যম, আর একটা জীবন ।
নটীবিনোদিনী হওয়া হলো না
কানন দেবীর পিতৃপরিচয় জানা হলো না ।
শিব্রাম চক্কোত্তির মতো ফুটপাতের আকাশ
দেখা হয়নি…
এখনও ফসফরাসের মতো অনাহার !
ইহুদিদের শাপ মোচন হয়নি
কিউবা, পেরু, লাওস, কম্বোডিয়া, লিবিয়া, নিকারাগুয়া
বসনিয়া, সুদান এখনো ভালোবাসতে পারিনি ।
ওগো যম, একটু সময় ভিক্ষা আছে
অনেক অনেক কথা বলা হয়নি-
অরণ্যের কাছে ক্ষমা চাইব
নদীর কাছে পাপ স্বীকার করবো
কৃষকের সমব্যাথী হবো
ওগো যম একটু দাঁড়াও ।
যারা দুঃখ দিয়েছিল, তাদের
কুশল সংবাদ নেওয়া হয়নি
একবার নিতে দাও ।
বুট পালিশঅলাকে আলিঙ্গন করিনি
বেশ্যাকে মা সম্বোধন করিনি
শস্যকে বলিনি দরিদ্রের হও
প্রেম, তুমি শুধু কুমারীর নও
আরো আরো আরো…
একবার দাঁড়াও যম ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted