কবিতা সীতায়ান একটি কাব্যগ্রন্থের নাম
কবি আজিজুল হক
সময় 3/1/23
উৎসর্গ মাধবীলতা কে
লিখার স্থান কোচবিহার ,পশ্চিম বঙ্গ
সম্পৃক্ততা সাম্প্রতিক
কবিতার বিষয় প্রতিবাদ
Review This Poem

**সীতায়ান একটি কাব্যগ্রন্থের নাম**
আজিজুল হক

মাথাটা বড্ড টনটন করছে আজকাল,
সমস্ত সুখ গুলো উস্কে দিচ্ছে হারানো বিকেল।
আমি তবুও অবিচল প্রত্যাশায়,
এই বুঝি রুপসাগরে ডুবে মরছে সুখ পাখিটা।
পাখিটা স্বপ্ন দেখে রোজ
সাত সমুদ্র পেরিয়ে রাম রাজত্বে অভিষেক ঘটাবে
সুপ্রিম স্বপ্নাদেশ,
কারাগার ভেঙে সমস্ত ধর্ষকদের মুক্তি..
তারপর আর একটা নির্বাচন,
সীতার অপবাদের অগ্নি পরীক্ষা..!
বাল্মীকি আবার একটা মিথ্যে গল্প লিখবেন আমার মত করে*সীতার পাতাল প্রবেশ”!
ফুলবানু টা বড্ড বোকা ছিল,
কিংবা বাল্মীকি খোঁজ পায়নি তাঁর!
নির্ভয়ার দূর্ভাগ্য !
তাঁর অভিযাত্রীরা আজও প্রতিদিন দেশটার উপর নিজেদের পৌরুষত্ব জাহির করে!
প্রচণ্ড ঠাণ্ডায় মাথাটা ধরেছে বড্ড!
কাঠ কয়লার আগুন দিয়ে পুড়িয়ে দিতে ইচ্ছে করছে সব ,সব অবিনস্ত্য মাথাভর্তি কেশ!
আমার সীতা আজও ধান বুনে,পাথর কাটে,চা বাগানে ,খেতে খামারে ..
চোখ নেই বাল্মীকির ..
আসলে বাল্মীকি তো পুরুষ বটে!
আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে,প্রিয়!
না হয় একটু আলতো করে ছুঁইয়ে দিলে তোমার
নরম কয়েকটি আঙ্গুলের স্পর্শ?
আমি একটু না হয় ক্লান্ত চোখে সব অপবাদ গুলোর হিসেব খুঁজি !
আমার কবিতায় তাদের বিসর্জন দেব বলে!
আমার খুব ইচ্ছে করে তোমার হৃদমাঝারে
আরব বসন্তে উদ্ভাসিত করি সব গোড়ামির তথ্য তালাশ!
তুমি তা মোহাম্মদ কে পৌঁছে দিও,
বল তারে,তোমার উন্মদ আজ বড্ড লোভাতুর,
জান্নাতের খোঁজে ওরা সীতাসম ফাতেমায়
শৃঙ্খল পড়ায় হিজাব কিংবা বোরখার ভাঁজে!
মরিয়ম – ঈশা মিথ্যে আজি
ক্রুশের আমরণ যন্ত্রণা কেকের খাঁজে
মিলায় সব অশ্রুপাত !
আমি বড্ড ক্লান্ত প্রিয় আজ ,
একটু কাছে টেনে নাও না আমায়, আরও একটু কাছে..
তোমার বুকে মুখ গুঁজে আমি সমস্ত বেদ – বাইবেল – কোরআনের মস্তিষ্কের আদ্যাক্ষর গুলো কে একটু মিলিয়ে দেখি,
তারা কত টা বোহেমিয়ান ,কতটা অমৃত কুম্ভের আচ্ছাদন!
আমার চাইনা সে সব, তোমাতেই পেয়েছি যে
মরণ সুখের আস্ফালন ..
আসলে ওসবই রয়েছে হৃদয়ে ,ওখানেই লেখা আছে সব গ্রন্থের সার সংকলন..
প্রিয়, ভালোবাসি তোমায়, তাই ও সবে বেহেশ্ত খুঁজি না আমি আর,
সীতা কিংবা ফাতেমায় তাই নেই কোন সন্দিহান!
বাল্মীকি ,তুমি দেখে যাও,আমি আমার প্রিয়ার বুকে মাথা রেখে আবার লিখছি সীতায়ান!
আজিজুল হক
3/1/23

guest
0 Comments
Newest
Oldest Most Voted