| কবিতা | ফিঙে নাচে গাছে |
| কবি | আজিজুল হক |
| সময় | 20/8/22 |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | বর্তমান সমাজ |
***ফিঙে নাচে গাছে***
আজিজুল হক
রুদ্র,কেমন আছ তুমি?
তোমার হৃদয়ের ব্যাথা টা কি কমেছে একটু !
তোমার স্বপ্নগুলো কি সেই আগের মত বাঁধনছাড়া?
তুমি কি এখনো ভালবাস !
ভালোবাসাগুলো কি তোমায় ঘিরে থাকে এখনও?
এখনও রাত জাগো বুঝি?
এখনও বুঝি তোমার সাদা পাঞ্জাবিটায় দাগ পড়েনি কোনও!
চারিদিকে তো শুধু দাগ আর দাগ ..
তোমার কবিতা গুলো কি আজও বিদ্রোহী?
তুমি কি রোজ রাতে মার্ক্স – লেনিনের গ্রন্থগুলি পড়!
বিপ্লব বুঝি আজ আর তোমায় জাগায় না!
রবীন্দ্রনাথ কে তুমি বুঝতে না কোন দিন,
নজরুল কিংবা সুকান্তের মধ্যেও তুমি নাকি
দোলাচল খুঁজে পেতে…
ভাঙার গান নাকি খুঁজে পেতে ওতে..
অথচ ,সারাজীবন টা শুধু ভেঙেই গেলে!
কি অদ্ভুত নিয়তি !
তাই না রুদ্র ?
এক সাথে হাত ধরে কত পথ হেঁটেছি,
কত স্বপ্ন দেখাতে তুমি ,
তোমার স্পর্শে একটা প্রাণ ছিল ,
কিন্তু কে জানত,তোমার স্বপ্নগুলো ছিল
ভন্ডামির আতুর ঘরে জন্মানো নেতা – নেত্রীদের
আখের গোছানোর শান্তিনিকেতন..!!
বিশ্বাস কর রুদ্র ,যখন তোমায় আমি ছাড়তে বাধ্য হলাম ,
কেন না আমি ছাপোষা বাঙালি মেয়ে,
আমায় পাত্রস্থ না করে আমার বাবা মায়ের উপায় ছিল না,
তুমি সেদিনও দোহাই দিয়েছিলে বিপ্লবের!
আজ চারিদিকে বিপ্লবের ছড়াছড়ি,
কেমন আছ রুদ্র?
খুব ইচ্ছে করে তোমায় দেখতে .. খুব ইচ্ছে করে
এক বুক ভালোবাসা নিয়ে ছুটে যাই তোমার কাছে,
বলি,বিপ্লব বলে কিছু নেই রুদ্র,
সে তুমি রাশিয়াই বল কিংবা ফ্রান্স,
সব ,সব সময়ের প্রয়োজনে ফুরিয়ে যায়,
আখের গোছানো টাই আসল ধান্দা,
তোমার ভাষায় বিপ্লব!
তোমার শরীর ভাল আছে,রুদ্র,
কাশি টা এখনও হয়!
রাতে মশারী টাঙানোর কথা তো তোমার মনে থাকে না!
সিগারেট টা নিশ্চয় খুব খাও এখনও!
তোমার মনে আছে সিগারেট ছাড়ানোর কথা নিয়ে
আমি তোমার সঙ্গে কত দিন কথা বলিনি!
আমি জানি ,রুদ্র তুমি ভালো নেই,
কোন দিন তো ঘর করার কথাই ভাবলে না আর,
অন্তত একটা মানুষ পেতে!
তাও বা কেমন করে বলি!!
সংসারে সবাই কি আর মানুষ পায়!
অনেক টা অভ্যেস হয়ে যায়!
রুদ্র, তোমার মার্ক্স এঙ্গেলস রাও দেখ ঘুমিয়ে পড়েছে,
তুমিও ঘুমাও
বিপ্লবরা এখন রাত জাগে বিকাশ ভবন আর নবান্নের সমস্ত অলিন্দ জুড়ে ,
যার বিস্তৃতি তোমার শরীর টা কে ভেঙে দিয়েছে !!
আজিজুল হক
20/8/22