| কবিতা | উঠে দাড়াও বিলকিস |
| কবি | আজিজুল হক |
| সময় | 8/7/22 |
| উৎসর্গ | সমস্ত নির্যাতিত মাতৃজাতিকে |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| সম্পৃক্ততা | সাম্প্রতিক |
উঠে দাড়াও বিলকিস
আজিজুল হক
অনেক কিছু ভেবেছিলে ,বিলকিস ?
ভেবেছিলে ,তোমায় যারা ধর্ষন করেছিল,
যারা তোমার উপর নিদারুণ
অত্যাচার করেছিল ,
তারা আজীবন সংশোধনাগারে নিজেদের
পাপ গুলো কে মোচন করবে!
ভুল ভেবেছিলে বিলকিস,ভুল!
আসলে এ যুগে শ্রীকৃষ্ণরা জন্মায় না,
দ্রৌপদীরা তাই অনন্ত লজ্জা নিবারণের বস্ত্র খুঁজে পায় না
আর,ব্যাধের বিষাক্ত তীরে কাতর ভগবান নিজেরই
মুখ লুকোয় এখন মন্দিরে পাথুরে আত্মায় !
হযরতরাও নির্বাক আজ ..
তিনিও বিষক্রিয়ায় ঈশ্বরকে অভিশাপ দিচ্ছেন অবিরত
যীশাস তো বড্ড একা আজ
মুখ লুকিয়েছে সপ্তম আসমানে…!
একাই বা কত লড়বে বল?
এ দেশের বিচারের বাণী যে নিভৃতে কাঁদে
সে তো ঈশ্বরও জানেন!
তাই ভোট বাক্স কে ভরাট করতেই
গোধরার মুক্তি উল্লাস!
প্রতিবাদ? হবে হয়তো ,কিন্তু এ দেশ যে বধির প্রিয়!
শাসকের উল্লাস বেড়ে উঠে জাত ধর্মের বেড়াজালে!
নির্লজ্জ বিচারক নীরব আজ
শাসকের বদান্যতায়!
কৃষ্ণের দশ অবতার কিংবা অজস্র হযরতের আবির্ভাব আজ গল্প কথা প্রিয়…
ধর্মগ্রন্থ গুলো কাগজের অক্ষরে লিপিবদ্ধ শুধু….
তুমি নারী,অজস্র ভান্ডারে সমৃদ্ধ তোমার ভান্ডার ,
কখনো দুর্গা ,কখনও বা চন্ডী হয়ে পূজিত হও ঘরে ঘরে ,
আবার সেই ঘর গুলোতেই তোমার নরম শরীর টা
খাদ্য বস্তুতে পরিণত হয় নির্মম উল্লাসে…
আসলে তুমি প্রতিমা বটে, প্রাণহীন প্রাণ তোমার
মাঝে বাস করে…
সীতাই হও আর দ্রৌপদী কিংবা বিলকিস
আসলে তুমি তো ভোগ্যবস্তু….হুর পরীদের মতই!
প্রতিবাদহীন একটা দেহ মাত্র!
তোমার নির্জিবতা কে ঘৃনা করি আমি।
কৃষ্ণ নয় নিজেই কৃষ্ণা হয়ে উঠ, হজরত নয়
নিজেই আয়েশা হয়ে উঠ, সুদর্শন চক্র কিংবা
তরবারি হাতে…….
কোনো দেবতার দয়ায় দুর্গা নয়,
কেন না ওরাও পুরুষ বটে!
আজিজুল হক