| কবিতা | হৃদয় টা তোমায় দিয়েছি |
| কবি | আজিজুল হক |
| সময় | 4/10/22 |
| উৎসর্গ | মাধবীলতা |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
হৃদয় টা তোমায় দিয়েছি
আজিজুল হক
হৃদয় টা তোমায় দিয়েছি,
ওটা সযত্নে রেখো,
ওতে অনেক গন্ধ পাবে,
ইচ্ছে হলে মেখে নিও
তোমার সুগন্ধি আতরে,
দুমড়ে মুচড়ে দেখ আরবার
তোমার আমার অনেক না বলা কথাও শুনতে পাবে।
হৃদয় টা তোমায় দিয়েছি,
ওটা আগলে রেখো,
ওতে অনেক যন্ত্রণা খুঁজে পাবে,
শুনতে পাবে মিছিলের স্লোগান,
সাম্রাজ্যবাদ বিরোধী আওয়াজ,
সাম্যের গান,
ওতে দেখতে পাবে বেকার আর্তনাদগ্রস্ত যুবকের
বুক চিরে বৃদ্ধ পিতার বিনে চিকিৎসার মৃত্যু সংবাদ!
ছিড়ে যাওয়া মায়ের শাড়িটার থেকে মায়ের
সম্ভ্রমের আর্তচিৎকার!
হৃদয় টা তোমায় দিয়েছি,
ওতে মাঝে মাঝে চাপ দিও,
কান্না গুলো বাতাসে মিলিয়ে যাবে,
ফুটপাতে দরিদ্র ভিক্ষুকদের মাঝে
সে বাতাসের সুবাস ছড়িয়ে দিও,
ওরা শ্বাস নেবে!
হৃদয় টা তোমায় দিয়েছি,
ওটা চিরে দেখ,
নির্বাচনী ইশতেহারের মিথ্যে প্রতিশ্রুতি গুলো
দেখতে পাবে..
অগুনতি মানুষের অভিশাপ খুঁজে পাবে..
আর রোজ রাতে বিছানায় ঝড় তোলা
নেতা – নেত্রীর মার্কস – লেনিন কিংবা
গান্ধী চর্চার ইতিহাস খুঁজে পাবে!
হৃদয় টা তোমায় দিয়েছি,
ওটা নিজের কাছেই রেখো,
তোমায় নিয়ে পথ চলার ,কথা বলার,
কত তর্ক ,বাদ – বিবাদ গুলো দেখ
কেমন করে আকণ্ঠ প্রেমে তোমায় জড়িয়ে ছিল।
তোমার নাকি আমার মুখ দেখলেই জ্বলে উঠত
গোটা শরীর!
আমার বেলায় হৃদয় টা উৎফুল্ল হয়ে উঠত!
ভালবাস না,সে কথা বলিনি ,
হাজার অপছন্দেও আমায় কাছে ডেকে নিতে অজস্র বার..
ওতে সব পাপ গুলো ধুয়েমুছে গঙ্গা কে পবিত্র
করে তুলত রোজ!
হৃদয় টা তোমায় দিয়েছি..
তুমি ওতে তাপ দিও,
আগুন বেরোবে তাতে..
সমস্ত ধর্ষিতাদের হাতে তুলে দিও,
চামুণ্ডা সাজুক তারা ..
আমার হৃদয় টা উৎফুল্ল হবে!
আমার হৃদয় টা তোমায় দিয়েছি,
ওতে ইতিহাস আছে ..
গডসে নাকি গান্ধী কে মেরেছে
দেশ কে ভালবাসত বলে,
তাই গন্ধিরুপি অসুরও সমাগত!!
আমার হৃদয় টা তোমায় দিয়েছি,
তার প্রত্যেকটি গ্রন্থি কে জিজ্ঞেস কর,
মাধবীলতা নীলাঞ্জনার কাঁধে কাঁধ মিলিয়ে
গডসের উত্তরাধিকারীদের দেশ কে
প্রতিনিয়ত ধর্ষনের জন্য নারী শরীরের প্রত্যেক টি
খাঁজ খুলে দিয়ে ওদের রক্তের তেজ কত,
তার পরিমাপ করবে!
হৃদয় টা তোমায় দিয়েছি ,
ওতে আগুন জ্বেলো,
তাতে লঙ্কা না হোক,
নিজেকে জ্বালাও,
সমস্ত অভিশাপ গুলো তাতে পুড়ে ছাই হয়ে যাক,
আমরা আবার হৃদয়ের গান গাই
হাতে হাত রেখে জীবনের কথা বলি,
রক্ত গুলো শুধু লাল হোক
আমি আমার হৃদয় জুড়ে সে কবিতাই
তোমাকে দিয়েছি…
আজিজুল হক
4/10/22