| কবিতা | আজ প্রভাতের আকাশটি এই |
| কবি | রবীন্দ্রনাথ ঠাকুর |
| কাব্যগ্রন্থ | বলাকা |
| সময় | ৭ কার্তিক, ১৩২২ |
| লিখার স্থান | শ্রীনগর, কাশ্মীর |
আজ প্রভাতের আকাশটি এই
শিশির-ছলছল,
নদীর ধারের ঝাউগুলি ওই
রৌদ্রে ঝলমল,
এমনি নিবিড় করে
এরা দাঁড়ায় হৃদয় ভরে
তাই তো আমি জানি
বিপুল বিশ্বভুবনখনি
অকূল মানস-সাগরজলে
কমল টলমল।
তাই তো আমি জানি
আমি বাণীর সাথে বাণী,
আমি গানের সাথে গান,
আমি প্রাণের সাথে প্রাণ,
আমি অন্ধকারের হৃদয়-ফাটা
আলোক জ্বলজ্বল।