| কবিতা | ভাষা; দেশ এবং মাটি |
| কবি | ইবরার আমিন |
| সময় | ২৫ আগস্ট, ২০২১ |
| লিখার স্থান | ওমোনিয়া, এথেন্স, গ্রীস |
| সম্পৃক্ততা | দেশপ্রেম |
আমার ভীষণ ক্ষুধা পেয়েছে;
আমাকে খেতে দিন!
এখানে কেবল মদ আর শুকরের মিলনমেলা,
জিহবার উচ্চারিত শব্দগুলো বড্ড অচেনা স্রোত,
এখানে সমুদ্র খুব-
কিন্তু আমি জল ছুঁতে পারিনা!
অশ্রু তুলতেই নেতিয়ে পড়ে দিন,
শোক প্রবেশে মনে পড়ে আমার বাড়ি সুদূর বাংলাদেশ!
আমার ভীষণ ক্ষুধা পেয়েছে;
মায়ের রান্না করা ভাতের হাড়িতে আমি জেগে আছি,
আমি ঘ্রাণ নিতে মুখিয়ে আছি নতুন চালের ভাতে!
আমি ভীষণ ক্ষুধার্ত-
আমাকে দেখতে দিন আমার গাঁয়ের ভোর,
রাতের চাদর সরিয়ে আমাকে শুনতে দিন পাখিদের চেনা গান;
সূর্যের আলো ফুটলে আমাকে যেতে দিন নগ্ন পায়ে কাদা মাটির আলিঙ্গনে!
আমাকে ছুঁতে দিন হাসনাহেনার শরীর,
আমাকে মাখতে দিন কুয়াশা ভোরের ফোটা শিশির!
বাংলাদেশ;
আপনার গর্ভে ধারণ করা “বাংলা” ভাষা মায়ের মতোই বিশুদ্ধ পবিত্র।
আমি চিৎকার করি বাংলাতে,আমি সুখ পাই!
আমার কান্নার ভাষা বাংলা;
আমার চাওয়ার ভাষা বাংলা,
আপনাকে তেলাওয়াত করে আমি হয়ে উঠি পৃথিবীর শ্রেষ্ঠ ভাষার মানুষ।
আমার ভীষণ ক্ষুধা পেয়েছে;
আমাকে বাংলায় কথা বলতে দিন!
আমি ভীষণ তৃষ্ণার্ত-
আমাকে বলুন, আমাকে জিজ্ঞেস করুন;
“আপনি পানি পান করবেন?”
মন খারাপের মহা উৎসবে,
আপনি যেতে পারেন আমার বাংলাদেশে;
সেখানে-
মাটি, প্রকৃতি এবং মানুষ একে অপরের সহোদর।