| কবিতা | মৃত্তিকার প্রতি |
| কবি | ইবরার আমিন |
| কাব্যগ্রন্থ | আমাদের বাবার পরিচয় |
| সময় | ২০১৯ |
| উৎসর্গ | সাইফ পারভেজ |
| লিখার স্থান | বিনোদপুর, রাজশাহী |
| সম্পৃক্ততা | প্রকৃতি |
হে আমার গ্রাম, আমার জন্মভূমি;
তোমার কোলে মাথা রাখতে আসছি আমি,
হে আমার গাঁয়ের মাটি,
প্রভাতের শিশিরে হারাতে আর বিকেলের ধুলো গায়ে মাখতে;
তোমার বুকে নিজেকে বিছিয়ে দিতে আসছি আমি ।
হে প্রিয় নদী,
তোমার ঢেউয়ের জলস্রোতে আবার ভেসে যাবো,
তীব্র উষ্ণতায় তোমায় আলিঙ্গনে শীতল হবো ।
হে শৈশবের সাক্ষী;
প্রিয় ফুল, ফল এবং পাখি,
আর একটু অপেক্ষার উপসংহারে আমাদের দেখা!
আবার কথা হবে, ছোঁয়া হবে, ঘুম হবে শান্তির নিঃশ্বাসে,
আবার বসবাস হবে নিয়মহীন বাঁধনে ।
আর বেশিদিন অপেক্ষা নয়,
তোমার বুকে ঠাঁই নিতে বুভুক্ষু আমি,
তোমার পৃষ্ঠে নদীর জল ছুঁয়ে দিতে তৃষ্ণাত্ব আমি,
তোমার প্রকৃতি সৌন্দর্য দেখে দেখে মুগ্ধ হতে!
তোমার পবিত্র মাটির গন্ধ আমার বেঁচে থাকার নিঃশ্বাস,
তারপর একদিন;
তোমার উপর আমার জমিন মিলিয়ে ঘুমিয়ে যাবো আবার;
তারপর আর কোনোদিন আমাকে কেউ জাগাবে না,
তোমাকে ছুঁয়ে কাটিয়ে দেবো বাকিটা বয়স;
তোমাকে জড়িয়ে রচিত হবে আমার পরের ইতিহাস!