বাংলা কবিতা, এভাবে আর হয়না জয়ন্ত কবিতা, কবি রাকিবুল হায়দার | কবিতা অঞ্চল
কবিতা এভাবে আর হয়না জয়ন্ত
কবি রাকিবুল হায়দার
কাব্যগ্রন্থ আবার কোনো সমুদ্রজন্মে দেখা হবে
সময় ২ এপ্রিল, ২০১৫
লিখার স্থান ইস্কাটন, ঢাকা
কবিতার বিষয় প্রেম
4.7/5 - (4 votes)

এভাবে আর হয়না জয়ন্ত,
আমাকে বরং সস্তা কোন ব্রোথেলে বিক্রি করে দাও,
অথবা মুক্তি দাও।
এভাবে প্রতিরাতে অধিকারের নামে ধর্ষন আর ভালো লাগেনা।
অথবা তুমি মেনে নাও,
আমাদের দূরত্ব বেড়ে গেছে,
অনেকবছর আগে তোমাকে ভালোবেসে যতটা এসেছিলাম,
ইদানিং তারচেয়ে অনেকদূর সরে গেছি।
না, তোমাকে ঘৃণা করিনা একটুও,
শুধু আর ভালোবাসতে পারিনা,
আমার এ আঙ্গুল আর তোমাকে খোঁজেনা।
তুমি মানতে চাইবেনা জানি,
তুমি হয়তো এখনো ভালোবাসো,
এখনো ভাবো কিছুই বদলায়নি,
অথচ আমরা আর আমাদের নেই।
আমাকে ক্ষমা করো জয়ন্ত,
আমাকে আর ছুঁয়ো না,
তোমার স্পর্শে নিজেকে বড্ড অপবিত্র মনে হয় আজকাল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted