আমার চিন্তা বস্ত্রে সজ্জিত
শরীর হয় নগ্ন,
আমি স্বপ্নের ভিতরেও হাটতে হাটতে
কল্পনায় থাকি মগ্ন।
আমার সাধহীন ছোট্ট জীবন
অগোছালো দিনকাল,
আমি শিল্পের স্বাস্থ্য গড়াই
বয়ে জীবিত কংকাল।।
আমার ক্রান্তিলগ্নের ভয়
আসে ঝটকা লহমায়,
আমি সুরহারা অসুর
জাগি নির্লিপ্ত ভঙ্গিমায়।
আমার ফুল হয়ে যায় ভুল
আবার ভুলেতেও মঙ্গল,
আমি সভ্যধারার পাপী
যার অন্তরে জঙ্গল।।
আমার শব্দহীন কথার ভাষা
অথবা ভাষাহীন অনুভূতি,
আমি আপন মাঝেই করে থাকি
বিকট চিৎকারের আবৃত্তি।
আমার ঘুমকাতুরে দেহ
আর তাতে জাগ্রতচিত্ত,
আমি অসঙ্গতির মধ্যেই খুজি
বিশাল মানবতার বিত্ত।।
আমার আওলা জীবনধারা
শুধুই স্যাতস্যাতে ঘিনঘিন,
আমি দিন কে বানাই রাত
আর রাত হয়ে যায় দিন।
আমার আয়ু চাকা ঘুরে
নিয়ে প্রচন্ড এক জিদ,
আমি শূন্যের করি চাষ
কাটি নিজের ভেতর সিদ।।
