কবিতা বিধুর
কবি জাহিদ হোসেন রনজু
সময় ৬ মে, ২০২১
লিখার স্থান মিরপুর, ঢাকা
Review This Poem

আর পারছি না নিতে দুঃসংবাদ
শুনে শুনে দেহ-মনে তিক্ত অবসাদ
জমাট বাঁধছে রোজ ভয়ঙ্কররূপে
চারিপাশ একাকার মৃত্যুগন্ধধূপে।

কাহাতক ভাললাগে, কত যায় শোনা
এত মানুষের মৃত্যু কত যায় গোণা।
কত আর অশ্রু ধরে ক্ষুদ্র চক্ষু নদী
শুষ্ক প্রায় গঙ্গা তবু বহে নিরবধি।

ফেটে যায় বক্ষখানি মৃত্যু সংবাদে
দুই চোখে রাত্রি নামে গভীর বিষাদে।
চারিদিকে হাহাকার সকরুণ সুর
যেদিকে তাকাই মুখ আতঙ্কে বিধুর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted