| কবিতা | আমরা বাংলার মানুষ |
| কবি | তন্ময় দত্ত মিশু |
| কাব্যগ্রন্থ | পরিশুদ্ধ |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ, স্বাধীনতা |
প্রথমে বিদেশি তারপর হানাদার
বাংলার মানুষ শোষিত হচ্ছিল বারংবার!
আর কত, আর কত শোষিত হতে হবে পরের হাতে,
নিজ জন্মভূমির জন্য তাঁরা উঠে দাঁড়াল অবশেষে।
পৃথিবীকে হুংকার দিয়ে জানিয়ে দিল,
বীর বাঙালি রাখতে জানে বাংলা মায়ের সম্মান।
স্বাধীনতা আমার কাছে এক জীবন্ত ইতিহাসের নাম
যে ইতিহাস রচনায় ঝড়েছে লক্ষ লক্ষ তাজা প্রাণ।
ধর্ষিত হয়েছে হাজারো নারী,
ভিটেমাটিহীন হয়েছে কত সহস্র মানুষ!
স্বাধীনতা আমার কাছে সেই শক্ত বিবেক,
যে মনে বিশ্বাস নিয়ে লড়ে গেছে শিক্ষক, কৃষক, চাকুরীজীবী, মুটে, কাঙ্গাল, নারী-পুরুষ সহ বৃদ্ধ-জোয়ান।
যে হাতে ছিল কাঁদা মাটি,
সে হাতে উঠল ভয়ংকর লাঠি।
যে হাতে ছিল কলম,
সে হাতে উঠল রাইফেল।
যে মায়ের বুকে ছিল ভালোবাসা,
সে মায়ের বুকে জ্বলল আগুন।
যে বোনের জন্য ভাইয়ের এত আয়োজন
সেও চলে যেতে বলল ভাইকে,
যাতে ছিনিয়ে আনতে পারে স্বাধীনতা।
বাংলাদেশের প্রতিটা মানুষ বুঝেছিল স্বাধীনতার আসল মানে,
তাইতো সর্বস্তরের মানুষ এক হয়েছিল বাংলা মায়ের টানে।
সবাই এক হয়ে ছিনিয়ে এনেছিল সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা,
এবং নিজ হাতে বুনে দিয়েছিল স্বাধীনতার ইতিকথা।
আমরা বাংলার মানুষ,
আমাদের উপর চলবেনা বাহিরের কারও কথা।
আমরা বাংলার মানুষ,
হাজার বছর ধরে আমরা আছি লালন করে
নিজেদের বিশ্বসভ্যতা ।