| কবিতা | আজকের বাংলাদেশ |
| কবি | তন্ময় দত্ত মিশু |
| কাব্যগ্রন্থ | পরিশুদ্ধ |
| কবিতার বিষয় | জীবনমুখী, বাংলাদেশ, স্বাধীনতা |
যতদূর জানি,
আজকের বাংলাদেশ গড়তে সময় লেগেছিল অনেক।
এই লাল-সবুজের এক টুকরো পতাকা উড়াতে
রক্ত ঝড়েছিল অনেক।
যতদূর জানি, শহীদের সংখ্যাটা ত্রিশ লক্ষ!
হতে পারে তারও অধিক!
সাথে কতজন ধর্ষিত হয়েছিল, সে প্রশ্ন আমায় কোরো না,
সে বীভৎস কাহিনী আমি শুনেছি ঠিকই,
বর্ণনা করা আমার দ্বারা হবে না।
যতদূর জানি, বাঙালি লড়েছিল তাদের সর্বস্ব দিয়ে,
কৃষক হতে শুরু করে শিক্ষক,
ছাত্র হতে শুরু করে পাড়ার জোয়ান,
ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে,
যাদের ছিল না কোনো যুদ্ধের জ্ঞান,
না জানা ছিল অস্ত্র ধরার কৌশল,
তারাই লড়েছিল সেই হানাদার মিলিটারির বিরুদ্ধে।
এক এক দিন করে দীর্ঘ নয়টি মাস।
বাংলা মায়ের কোলে জন্মেছিল বাংলাদেশ।
পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল বাঙালি,
জানান দিয়েছিল সকলকে, আমরাও জিততে জানি।
আজকের বাংলাদেশের আসল কারিগর তো তারাই,
আজকের বাংলাদেশের মূল স্তম্ভ তারাই।