বাংলা কবিতা, আজ লাল ফিতায় বন্দি কবিতা, কবি তিলক দাস | কবিতা অঞ্চল
কবিতা আজ লাল ফিতায় বন্দি
কবি তিলক দাস
কাব্যগ্রন্থ হৃদয়ের কলিংবেল
সময় ২০১৬ইং
কবিতার বিষয় বিরহ

লাল ফিতায় বন্দি আজ পৃথিবী
মানবকুলে হিংসা-বিদ্বেষ, হানাহানি,
মানুষ হারিয়েছে স্বপ্ন গাঁথার সুতো,
হারিয়েছে হৃদয়ের রংতুলির পেন্সিল,
খুঁজে বেড়ায় হারানো নীলাভ ভালোবাসা,
প্রেমিকার মন রাঙানো সুগন্ধি চিরকুট।

মানব হৃদয় চুপসে গেছে বৃষ্টিস্নাত কাগজের নৌকার মত,
মানুষ আজ প্রতারণা আর জালিয়াতির নীলনকশায় বন্দি।
যেখানে জড়িয়ে পড়ে স্বপ্ন আর ধূলিসাৎ হয় জীবন,
জীবন যেন মরুভূমির বালুর মত মরুভূমিতেই অবিচল।
পবিত্র ভালোবাসায় গ্রেফতার কিংবা বন্দি এখন আর শোনা যায় না,
আধুনিকতার পরশে আজ রঙিন পৃথিবীর রঙিন পাতায়
পবিত্র ভালোবাসার রং বড্ড বেশি সাদা-কালো ছবির মতন।

আজ দেহের যৌননির্ভর আবেদন,
সুকোমল হৃদয়ের ভালোবাসা নয়
কেবল দেহের স্পর্শ চাই,
চাই শুধু মিথ্যে ভালোবাসার নামে
দৈহিক খননের লোভনীয় অধিকার।
মানুষ ভুলে গেছে ভালোবাসার পবিত্রতা, সুনীল সততার স্নিগ্ধতা,
আজ জীবন মিথ্যে জৌলুস আর অহমিকার পাহাড়ে পরিণত অভিশাপ।
খুঁজে বেড়াই মনুষ্যত্বের রূপ, মানবতার প্রেমময় আবেশে জড়ানো মুগ্ধতা,
খুঁজি লাল ফিতার শক্ত বাঁধনছেঁড়া জীবনের উপযোগী উপাদান।

তাই বিশ্ববিধাতার তোমার নিকট আবেদন,
চাই তোমার দয়াময়ী দৃষ্টির অগ্নিবীণা সুর,
যে সুরে লণ্ডভণ্ড হবে মিথ্যে কামনা-বাসনা,
সমাপ্তি হবে আমাদের মিথ্যে অহমিকার বাসর,
ফিরে পাবো লাল ফিতার বাঁধনমুক্ত পৃথিবী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments