কবিতা ভাবের অন্তঃপুরে
কবি মোঃ তৈয়বুর রহমান ভূঁইয়া
সময় ১০ সেপ্টেম্বর, ২০২০, সকাল
লিখার স্থান শিবপুর, নরসিংদী
3/5 - (1 vote)

খেয়াল খুশির এই দুনিয়ায়
কে আসে ভাই কে চলে যায়
রাখে না কেউ খবর,
সবাই সবার স্বার্থ খুঁজে
লেনদেন সব নিচ্ছে বুঝে
সত্যকে দেয় কবর।

হিংস্রতা সব নিচ্ছে পুষে
ধনী; নিচুর রক্ত চুষে
আস্ত নরদানব,
ন্যায়ের কায়ায় আগুন জ্বালায়
প্রতিবাদ সব দৌড়ে পালায়
চিতায় ভবের শব।

আজকে দেখি ন্যায়ের খাতায়
অসত্যের ঐ নিয়ম মাতায়
ছুটি দিগ্বিদিক,
এসব যদি চলতে থাকে
অলি,গলি, পথের বাঁকে
জগত নষ্ট ঠিক।

বছর শতেক এসব করে
জগত যদি চলে পরে
অভাগারে ওরে!
কেমন হবে বল্ পরিণাম
ভাবছি আমি তাই অবিরাম
ভাবের অন্তঃপুরে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted