কবিতা সকালে পুষি ও মাম্মা
কবি শুভশ্রী রায়
সময় ৩০ জু্লাই, ২০২২, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

সকাল হয়ে গেছে, এবারে উঠে পড় তুমি পুষি।
মাম্মা, রাত শেষ বলে আমি মোটে নই খুশি।
বড় ভালো লাগে ঘুমোতে তোমার, তাই না?
হ্যাঁ গো, ঘুম ছাড়া আর কিছুই আমার চাই না।
তাহলে দুধটা আজকে খেও না বরং, খাক ভুলো
কী যে তুমি বলো না মাম্মা, দুষ্টুটা যাক চুলো!
তাই নাকি? তাহলে এবার ছেড়ে দাও দেখি খাট
দুধ খাব আমি আদরের পুষি, তুমি দেবে ঘরঝাঁট।
তারপরে মা বাইরে বেরোবে একটু , তুমি থেক ঘরে
না, না মাম্মা আমিও বেরবো তোমার হাত ধরে!
তা হয় না পুষি, একা যাব,রেখ তুমি পড়া করে।
তাহলে আমি কী করব, বই পড়া জোরে জোরে?
চিন্তা কোরো না, সুস্বাদু মাছ নিয়ে আসবই জেন।
সেই সঙ্গে মাম্মা আমার, স্বাদের ক্ষীরও একটু এন!

guest
0 Comments
Newest
Oldest Most Voted