| কবিতা | সংশয়ের সকাল |
| কবি | শুভশ্রী রায় |
| সময় | ১৭ আগস্ট, ২০২২, সকাল |
| লিখার স্থান | পাইকপাড়া, কলকাতা |
অনেক দিন পরে রোদ উঠেছে আজ।
সেও কী উন্মুখ আমার সঙ্গে
কথা বলার জন্য?
রান্নাঘরে ঢুকি, কফি করি।
ভাবি কত কথা
জানলায় কমলা রঙের রোদ লেগেছে, দেখি
আর নিজের ভেতরে আলো ঢুকে যায়
সেই আলোয়
কমরেডের কথা মনে পড়ে।
ভেতরটা হুহু করে ওঠে
কত দিন দেখি না;
কী জানি তিনি আছেন কেমন
তাঁর বাড়ির পেয়ারা গাছটাও কী
রোদ শুষছে এখন, চারখানা খবরের কাগজ
পড়া শেষ হল তাঁর, মৌসুমী হাওয়া
তাঁকে সকালেই ফোন করেছিল নাকি?
কে জানে তিনি ভুল করেও আমার কথা
মনে আনেন কী না!
এই সব প্রশ্ন মনে ঘোরে।
ভালোবাসা ও সংশয় নিয়ে
সামনে পেছনে ওপরে নীচে
মৌসুমী বাতাস বড় ওড়ে।