কবিতা পায়রাকে বুলি
কবি শুভশ্রী রায়
সময় ২২ জু্লাই, ২০২২, সকাল
লিখার স্থান পাইকপাড়া, কলকাতা
Review This Poem

বড্ড বকম বকম করে পায়রা
বলবার এত কি সব যে থাকে!
উড়েই বা কবুতর যায় কত দূর
খালি বকম ও বকমের ফাঁকে?

পায়রাকে আমি বলি, শোন রে
বকমবকম তোর এক পল কমা!
একটু আমার কাছে বোস এসে
চুপচাপ এ ওর কথা নিই জমা।

নীরব হয়েও তো কথা বলা যায়
পাশাপাশি বসে ভালোবাসা সহ।
আয় না আমরা বলি পরস্পরকে
“যা কিছু বলার চোখ দিয়ে ক’হ।”

শব্দটব্দ করে কথা বলা, সে সব
দুনিয়ার সাথে হরদম তো চলবেই।
আমরা না হয় বলি চোখে চোখে
আদরের আগুন তাতে জ্বলবেই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted