| কবিতা | দেয়াল |
| কবি | সৃজন শারফিনুল |
| সময় | ৫ আগস্ট ২০২৬ |
| উৎসর্গ | মায়াবতী |
| লিখার স্থান | Riyadh, Saudi Arabia. |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
আমি একটা দেয়াল তৈরি করেছি
যার রঙ ছিল সাদা।
কোনো দাগ ছিল না সেখানে,
ছিল না কোনো পুরোনো গল্পের ছায়া।
কয়েকটা বছর যাওয়ার পর
দেয়ালের রঙ বদলাতে শুরু করলো।
কেউ রং করেনি,কেউ তুলি ছোঁয়ায়নি
তবু ধীরে ধীরে
সাদার ভেতর থেকে লাল বেরিয়ে এলো।
তীব্র আঘাতের পর
যেমন ক্ষত থেকে রক্ত ঝরে,
ঠিক তেমনি দেয়ালটা একদিন
রক্তের লালের মতো পুরোপুরি লাল হয়ে গেল।
মানুষ তার কষ্টের সময়গুলো
ভুলে যেতে চায়।
হয়তো ভুলে যাওয়াটাই শ্রেয়
কারণ কিছু স্মৃতি
মনে রাখার জন্য নয়,
বেঁচে থাকার জন্যই ভুলে যেতে হয়।
তবুও হৃদয়ক্ষরণজনিত কিছু স্মৃতি
রাত নামলেই জেগে ওঠে।
অন্ধকারে কানে কানে প্রশ্ন করে-
“সৃজন কি দেখছো তুমি”?
একটা হাসি ওপাশ থেকে ম্যাটাফরিক আমি!
অবচেতন মন
নিজের কাছেই প্রশ্ন করে
ভুলটা কোথায় ছিল?
সত্যটা কার ছিল?
মিথ্যেটাই বা কে বলেছিল?
নাকি আমরা দুজনেই
নিজ নিজ সত্যের মাঝে দাঁড়িয়ে
একে অপরকে মিথ্যে ভেবেছিলাম?
তারপর ভুল আর সত্য,
স্মৃতি আর বিস্মৃতি,
অভিমান আর অনুতাপের মাঝখানে
নিজেকে খুঁজি।
কিছু দেয়াল মানুষকে আড়াল করে
কিছু রক্ষা করে,
আবার
কিছু দেয়াল মানুষ নিজেই তৈরি করে,
যাতে কেউ তার ভেতরের
ভাঙাচোরা শহরটা দেখতে না পায়,
মাঝে মাঝে
কিছু পুরোনো স্মৃতি ভেতরে ঢুকে পড়ে।
তখন বুঝতে পারি
দেয়াল যত উঁচুই হোক না কেন,
স্মৃতির কোনো উচ্চতা নেই।
তাকে আটকানোর মতো
কোনো প্রাচীর পৃথিবীতে তৈরি হয়নি
মাঝে মাঝে রাতে
আমি সেই দেয়ালের সামনে দাঁড়াই,
হাত বাড়িয়ে দাগগুলো ছুঁই,
আর ভাবি
এগুলো কি সত্যিই আমার ক্ষত,
নাকি সময়ের রেখে যাওয়া কোনো স্বাক্ষর?
যার এক পাশে দাঁড়িয়ে আমি,
আর অন্য পাশে
আমারই পুরোনো আমি!
একে অপরের দিকে তাকিয়ে থাকি
কেউ কথা বলে না।
শুধু মাঝখানের দেয়ালটা বোবা ক্যানভাসের মত
নিঃশব্দে বলে যায়-
সবচেয়ে কঠিন বিচ্ছেদ
সবসময় মানুষের সঙ্গে মানুষের হয় না,
কখনো কখনো
নিজের সঙ্গে নিজের হয়!
আর
ঘৃণার মাঝেও ভালবাসা থাকে
যদি ঘৃণাটা নিজের প্রতি জন্মায়!