কবিতা আয়না
কবি শ্রেয়া পাল
কবিতার বিষয় আশা, প্রকৃতি, প্রেম, বিরহ
Review This Poem

একদিন আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো-
আমি আসলে দৃশ্য নই, আমি শুধু আলো।
যে আলো কখনো সরাসরি আসে না,
বারবার ভেঙে যায় অদৃশ্য কোন নিয়মে।

আমি জানতাম না প্রতিফলনের সূত্র,
জানতাম না প্রতিসরণের কোণ,
তবুও বুঝেছিলাম-
আমাকে আমি দেখছি না,
দেখছি আলোর এক সাজানো মিথ্যে।

আয়না কখনো সত্যি দেখায় না,
সে শুধু ফেরত দেয় যা তাকে ছুঁয়ে যায়-
আর আমি তো অনেক আগেই
নিজেকে ছুঁতে ভুলে গেছি।

চোখের ভেতর জমে থাকা অন্ধকার
কোনো কাচে ধরা পড়ে না,
শুধু ঝলমলে পৃষ্ঠে-
একটা ভদ্র, নির্লিপ্ত মুখ ভেসে ওঠে।

আমি সেই মুখটাকে চিনি না,
সে হাসে না, কাঁদেও না-
শুধু দাঁড়িয়ে থাকে,
একটা অভ্যাসের মতো।

হয়তো আমি ভুল দূরত্বে দাঁড়িয়ে আছি,
হয়তো আলোর পথটাই বেঁকে গেছে-
নাহলে কেন নিজের কাছে
এত অচেনা লাগে নিজেকে?

তাই আমি এখন আয়না এড়িয়ে চলি,
কারণ সত্যি দেখার সাহস নেই-
আর মিথ্যে দেখার প্রয়োজনও ফুরিয়ে গেছে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted