কবিতা টুকরো কবিতা
কবি শামিম আখতার
সময় ননভেম্বর ২০২১
লিখার স্থান মুর্শিদাবাদ
4.5/5 - (2 votes)

টুকরো কবিতা


মানিব্যাগে টাকা নেই, একটা ছবি আছে পুরনো প্রেমিকার।


এমন একটা শহর চাই যে শহরে ছেড়ে যাওয়া নিষিদ্ধ।


থালা জোটেনি, গ্লাসে ভাত নিয়ে ছুটছে ন’বছরের দিদি; ভাই খাবে।


ডিনারে সমালোচনা নিয়ে বসে আছে ভর্তি ডাইনিং টেবিল।


ধরা যাক মাইকে ঘোষণা হচ্ছে ‘আজ থেকে টাকাপয়সা নিষিদ্ধ, ভালোবাসার বদলে পাওয়া যাবে জিনিসপত্র’


আমরা কেউই আমাদের মৃতদেহ দেখে যেতে পারবো না।


একটা বিকেল ফুরিয়ে যাচ্ছে, সন্ধ্যের কী আনন্দ!


হাত ধরার অনুমতি চাইলেও মানুষ হাত ছাড়ার অনুমতি চায় না।


ইলিশের দিকে তাকিয়ে থাকতে থাকতে শীত চলে এলো, কেনা হলো না।


হাতের বয়স বেড়েছে, তোমার দেওয়া ঘড়ির বয়স বাড়েনি একটুও।


যে কানে শোনে না, তারই চোখে দেখার কাজ বেশি।


ছেড়ে যাওয়া চারটিখানি কথা না, অথচ চারটিখানি কথাতে ছেড়ে যাওয়া যায়।


একটা এগরোল খেতে যাওয়া বিকেলকে খুঁজছি।


দেওয়ালের কান নেই, মানুষের মুখ আছে একটা।


রোজ সকালে অফিসে যায় কবি, আসলে জেলখানায়।


দুর্গার জ্বর ভালো করার ওষুধ জানা নেই ডাক্তারের।

শামিম আখতার
লালবাগ/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted