| কবিতা | নিজের খেয়াল রেখো |
| কবি | চৌধুরী সাজিদ সাইফুল্লাহ |
| সময় | ২৯.০৮.২০২২ |
| উৎসর্গ | সুমাইয়া আক্তার দিয়া |
| লিখার স্থান | আগ্রাবাদ, চট্টগ্রাম |
| কবিতার বিষয় | প্রেম |
এমন ধুলোর আকাশে ওড়া দুপুরে
তোমার স্কুল ছুটি হলে,
ক্ষুধা নিয়ে বাসায় ফেরার পথে
ফুটপাতে খেতে যেওনা তুমি,
বন্ধুদের কোলাহলে।
আবার জ্বর হানা দিতে পারে সন্ধ্যের পড়ার টেবিলে।
আজকাল আজিমপুরের জ্বরেরা
অসংযত হয়ে উঠেছে আমার মতোন,
সময় অসময়ে ঠোঁট বিছিয়ে দিতে চায় তোমার কপালে।
ধুলোর বহর দৌড়ে এসে তোমাকে ছুতে চাইলে বেহেশতী রওশন এঁকে দিও,
বেগুনী নিকাবে মুখাবয়ব ঢেকে দেবার ছলে।
শুনেছি ভাঙাচোরা বেড়েছে ফুটওভারে
বেখেয়ালি হেটোনা আর
পারাপারে সতর্ক থেকো।
শ্বাসকষ্টের মেডিসিন নিও ঠিকাঠাক
নিজের খেয়াল রেখো।