বাংলা কবিতা, স্বাধীনতার ৪৯ বছর কবিতা, কবি রাকিবুল হায়দার | কবিতা অঞ্চল
কবিতা স্বাধীনতার ৪৯ বছর
কবি রাকিবুল হায়দার
লিখার স্থান ঢাকা
কবিতার বিষয় স্বাধীনতা
4.5/5 - (2 votes)

ভাত না পেয়ে যে কৃষক মরে যায় মহাজনের ধানের গোলায়,
তার জন্য কেবল গোরখোদকরাই কাঁদে,
রাষ্ট্রপ্রধান কেবল এঁটো হাতে শোকবার্তায় সাক্ষর করেন,
দাতের ফাঁকে আটকে থাকা মাংস কাঠি দিয়ে খোঁচাতে খোঁচাতে-
জাতির উদ্দেশ্যে সান্ধ্যকালীন রসালাপে মাতেন।

অনেক দেখেছি, একের পর এক মানুষ মরেছে ক্ষুধায়, চিকিৎসার অভাবে,
বাসস্থানের অভাবে ফুটপাতে ঘুমিয়ে পড়েছে,
শিক্ষা আর বস্ত্রের অভাবে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে!
অথচ মৌলিক অধিকার চাইতে গেলেই নেমে আসে পেটোয়া বাহিনী,
তুলে নেয় প্রিজন ভ্যানে,
তারপর একের পর এক মিথ্যে মামলা আর বিচার বিভাগীয় রসরসিকতা!

অনেক সহ্য করেছি, আর না!

আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন নাগরিক,
মোঃ রাকিবুল হায়দার, পেশায় একজন কবি,
স্বাধীনতার ৪৯তম দিবসে দাঁড়িয়ে এই মর্মে কবিতায় বলছি যে-
যে দেশের জনগণ রাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করাতে শেখে না,
তাদের জন্য স্বাধীনতার কোনো প্রয়োজন নেই,
তাদের জন্য ফিরিয়ে আনুন মধ্যযুগের দাসপ্রথা,
যেখানে বারবার আঘাত পেয়েও-
নতুন করে বাঁচার, স্বপ্ন দেখার বদভ্যাসটা যায় না কিছুতেই!

guest
0 Comments
Newest
Oldest Most Voted