কবিতা অস্ফুট আর্তনাদ
কবি মাসুদুর রহমান শাওন
সময় ২৫ মে, ২০২৫, সন্ধ্যায়
উৎসর্গ যে সময় থেমে থেমে যায় সেই সময়কে
লিখার স্থান নান্দিনা, জামালপুর (সদর)
সম্পৃক্ততা বৃষ্টি ভেজা সন্ধ্যায় স্মৃতির আনাগোনা
কবিতার বিষয় প্রেম, বাংলাদেশ, বিরহ, রূপক
Review This Poem

আকালের ভয়ে যে ইদুর শস্য জমায় আমি তারে ঘৃণা করি,
প্রেমের আকালে তবে কেন আমাদের জমানোর কিছু নেই?
মানুষের সভ্যতা ক্রমাগত স্রোতের মতো ফুলেফেঁপে উঠছে;
অথচ আত্মার নির্মোহ ক্ষুধা, অভাব বেড়েই যাচ্ছে অসভ্য জগতের পেটে।
আমার আর সহ্য হয়না এতসব আয়োজন,
ঘৃণার প্রকোষ্ঠ থেকে হাতরে আনো পবিত্র ফাঁসির রশি।
কে জানে ‘প্রেমের সমার্থক ব্যথা আর চিৎকারের সমার্থক নিরবতা হলো কবে?’
কথার মিছিলে এত শুনশান কবরের মতো শীতলতা এলো কেন?।
.
আগুনে পোড়ার ভয়ে ছেড়ে যাই এই তাবদাহ, লুটিয়ে পড়ি বর্ষার বুকে,
অথচ অপূর্ণ প্রেম মেঘ হয়ে ঝরে পড়ে উলঙ্গ আকাশ ছিঁড়ে।
যে রাতের সাথে সন্ধির মিথ ছড়িয়েছিল গোপন আবেগের দুর্যোগ,
অজস্র বেদনার বিষ গিলে সে রাতটাও কেটে গেছে নিয়ম মেনে।
তবুও তোমারে পায়নি আমার গোলাপ, তোমারে পায়নি আমার লাল মেহেন্দীর টকটকে কারুকার্য,
সময়ের মতো তুমিও যেতে যেতে রেখে গেলে দুর্ধর্ষ ভবিষ্যৎ; পিছনে দারুণ খড়া।
ধাবমান দূরত্বে খেলা করে তোমারই স্বর, তোমারই চোখের ইশারা-পলক,
কোথায় আমার নামে লিখবো তবে এক টুকরো বৈধ জমিন?
যে হৃদয় কেবল আমার, সেও যেন আজ তোমারই স্মৃতির ভাগাড়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted